
ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর
শেষ আপডেট: 5 October 2024 13:35
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ মহিলা টি-২০ বিশ্বকাপের শুরুটা একেবারে ভাল করতে পারেনি ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচে তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৮ রানে পরাস্ত হয়েছে। পরের ম্যাচে ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ক্রিকেট দল। আগামী রবিবার অর্থাৎ ৬ অক্টোবর এই ম্যাচের আয়োজন করা হবে।
এই পরিস্থিতিতে নিন্দুকেরা বলতে শুরু করেছেন, কিউয়িদের বিরুদ্ধে এই পরাজয় টিম ইন্ডিয়ার উপর চাপ অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এই চাপের প্রভাব পাকিস্তান ম্যাচের উপরেও পড়তে পারে। তবে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর কিন্তু তেমন কোনও চিন্তাভাবনা আপাতত করছেন না।
শুক্রবার ম্যাচের শেষে তিনি বললেন, 'ভারতীয় ক্রিকেট দল যে ভাল পারফরম্য়ান্স করতে পারবে, সেই ব্যাপারে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী। শুরুটা এভাবে হোক, সেটা আমরা একেবারেই চাইনি। আশা করছি, এই জায়গা থেকে আমরা আরও ভাল পারফরম্য়ান্স করতে পারব।'
তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার পারফরম্য়ান্স নিয়ে যারপরনাই হতাশ হরমনপ্রীত। তিনি বললেন, 'আমরা সেরা ক্রিকেটটা উপহার দিতে পারিনি। আমাদের কাছে প্রত্যেকটা ম্যাচই যথেষ্ট গুরুত্বপূর্ণ। বেশ কয়েকটা সুযোগ আমরা তৈরি করেছিলাম। কিন্তু, সেগুলো কাজে লাগাতে পারিনি। ওরা (নিউজিল্যান্ড) যে আমাদের থেকে ভাল ক্রিকেট খেলেছে, তা নিঃসন্দেহে বলা যায়। ফিল্ডিংয়ে আমরা প্রচুর ভুলভ্রান্তি করেছি। আশা করছি, এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারব।'
প্রসঙ্গত, এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দল তাদের প্রথম ম্যাচটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক সোফি ডিভাইন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। তাঁরই দুর্দান্ত হাফসেঞ্চুরির দৌলতে কিউয়িরা নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৬০ রান তুলেছিল। জবাবে টিম ইন্ডিয়া ১৯ ওভারেই ১০২ রানে অলআউট হয়ে যায়। শেষ পর্যন্ত ভারতকে ৫৮ রানে হারতে হয়েছে।