
ভারতীয় ক্রিকেট দল
শেষ আপডেট: 7 September 2024 15:00
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ দলীপ ট্রফিতে ভারতের তারকা ক্রিকেটাররা অংশগ্রহণ করেছেন। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটাররাও নিজেদের সেরা পারফরম্য়ান্স দেওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে দলীপ ট্রফিকেই যে ট্রায়াল হিসেবে দেখা হচ্ছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।
তবে এই টুর্নামেন্টে ভারতের তিনজন তারকা ক্রিকেটার একেবারে ফ্লপ পারফরম্যান্স করলেন। বাংলাদেশের দেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে তাঁদের আদৌ টিম ইন্ডিয়ায় জায়গা দেওয়া হবে কি না, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।
গত ৫ সেপ্টেম্বর থেকে দলীপ ট্রফির হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গিয়েছে। এই টুর্নামেন্টে মোট চারটে দল অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার কেএল রাহুল, শ্রেয়স আইয়ার এবং সরফরাজ খান নিজেদের প্রতিভার প্রতি সুবিচার করতে পারলেন না। এই তিন ক্রিকেটার নিজেদের খারাপ পারফরম্য়ান্সের কারণে নির্বাচকদের উপরেও চাপ বাড়িয়ে দিয়েছেন। প্রসঙ্গত, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের
টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল।
চলতি দলীপ ট্রফিতে ইন্ডিয়া এ দলের হয়ে খেলতে নেমেছেন কেএল রাহুল। কিন্তু, ১১১ বল খেলে তিনি মাত্র ৩৭ রান করেন। শেষপর্যন্ত ওয়াশিংটন সুন্দর তাঁর উইকেট শিকার করে নেন। অন্যদিকে ইন্ডিয়া বি দলের হয়ে খেলছেন সরফরাজ খান। তিনিও যথেষ্ট খারাপ ব্যাটিং করলেন। চলতি বছরের শুরুর দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলেছিল টিম ইন্ডিয়া। এই সিরিজের শেষ তিনটে ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন সরফরাজ খান।
ওই সিরিজে সরফরাজ টিম ইন্ডিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। এই পরিস্থিতিতে আশা করা হচ্ছিল, বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজেও টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সরফরাজকে দেখা যেতে পারে। কিন্তু, দলীপ ট্রফিতে তিনি ৩৫ বলে মাত্র ৯ রান করে সবাইকে হতাশ করেন।
তবে শ্রেয়স আইয়ারের থেকে এই টুর্নামেন্টে একটু বেশিই প্রত্যাশা ছিল। আশা করা হচ্ছে, দলীপ ট্রফির হাত ধরেই ভারতীয় টেস্ট ক্রিকেট দলে তিনি আবারও কামব্যাক করতে পারবেন। কিন্তু, তিনিও প্রথম ইনিংসে ১৬ বলে ৯ রান করলেন। যদিও দ্বিতীয় ইনিংসে তিনি ৪৪ বলে ৫৪ রান করেছেন। তবে নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ এখনও রয়েই গিয়েছে।