
দুই ভাই, সরফরাজ খান এবং মুশীর খান
শেষ আপডেট: 9 September 2024 13:04
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দল আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে। এই সিরিজের প্রথম ম্যাচটা চেন্নাইয়ে আয়োজন করা হচ্ছে।
ইতিমধ্যে বিসিসিআই এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। ২০২৪ দলীপ ট্রফিতে ভালো পারফরম্যান্স করেও টিম ইন্ডিয়ায় জায়গা করতে পারলেন না ভারতের তরুণ ক্রিকেটার মুশীর খান। যদিও তাঁর দাদা সরফরাজ খানকে এই স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছে।
চলতি বছর শুরুর দিকে মুশীর খান টিম ইন্ডিয়ার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। ভারতীয় ক্রিকেট দলের হয়ে তিনি দ্বিতীয় সর্বাধিক রানও করেন। এরপর রনজি ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলার সুযোগ পান তিনি। সেখানেও মুশীর নিজের ব্যাটিং পারফরম্য়ান্সের দৌলতে সকলের নজর কেড়ে নিয়েছিলেন।
সম্প্রতি ২০২৪ দলীপ ট্রফিতে মুশীর ইন্ডিয়া বি দলের হয়ে খেলার সুযোগ পান। এখানের তাঁর ধামাকাদার ব্য়াটিং অব্যাহত ছিল। কঠিন পরিস্থিতিতে তিনি ৩৭৩ বলে ১৮১ রানের একটি দুরন্ত ইনিংস দলকে উপহার দেন।
এরপর সকলেই মনে করেছিলেন যে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে মুশীরকে হয়ত সুযোগ দেওয়া হতে পারে। কিন্তু, সে গুড়ে আপাতত বালি! নির্বাচকরা তাঁর নাম কার্যত না দেখার ভান করে এড়িয়ে যান।
যদিও মুশীরের দাদা সরফরাজ খানকে এই স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে। এই বছরই ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত টেস্ট সিরিজে ডেবিউ করেছিলেন সরফরাজ। টিম ইন্ডিয়ার মিডল অর্ডার ব্যাটার হিসেবে তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, চেন্নাই টেস্টে সরফরাজ পাঁচ নম্বরে ব্যাট করতে পারেন। ২০২৪ দলীপ ট্রফিতে সরফরাজ প্রথম ইনিংসে ৯ রান করলেও দ্বিতীয় ইনিংসে ৪৬ রান করেন। ফলে একথা বলা যেতেই পারে যে খুব একটা ভালো পারফরম্যান্স না করলেও, সরফরাজকে কামব্যাকের একটা সুযোগ দেওয়া হল।