
প্রতীকী ছবি
শেষ আপডেট: 26 September 2024 23:13
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্য়াচটা কানপুরে আয়োজন করা হচ্ছে। চেন্নাইয়ে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া ২৮০ রানে জয়লাভ করেছিল। সেইসঙ্গে এই সিরিজে রোহিত শর্মার দল ১-০ অপরাজেয় ব্যবধানে এগিয়ে গিয়েছে। এবার কানপুরে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে নামছে।
চেন্নাইয়ের থেকে কানপুরের উইকেটের চরিত্র একেবারেই আলাদা। চেন্নাইয়ের উইকেটে যথেষ্ট বাউন্স ছিল। কিন্তু, গ্রিন পার্কে তেমনটা একেবারেই হবে না। কানপুরের উইকেট কালো মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এখানে সাধারণত স্পিন বোলাররা বেশি সুবিধা পেয়ে থাকেন। লাল মাটির পিচ অন্য উইকেটের তুলনায় কম জল শোষণ করতে পারে। তাই উইকেট শুকনো হতেও বেশি কম সময় লাগে। সেকারণে ম্যাচের তৃতীয় কিংবা চতুর্থ দিন থেকেই উইকেটে বড় বড় ফাটল দেখা যায়।
গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত মোট ২৩টি টেস্ট ম্যাচ খেলেছে। এর মধ্যে টিম ইন্ডিয়া সাতটি ম্যাচ জিতেছে। এবং তিনটেয় হেরে গিয়েছে। বাকি ১৩ ম্যাচ এই মাঠে ড্র হয়েছে। এর আগে কোনওদিন ভারত এবং বাংলাদেশের মধ্যে কানপুরে কোনও টেস্ট ম্যাচ খেলা হয়নি।
২০২১ সালে টিম ইন্ডিয়া শেষবার কানপুরে টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল। ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট ম্যাচটি ড্র হয়। কিউয়ি দলের হাতে এক উইকেট বাকি থাকার কারণে টিম ইন্ডিয়া ম্যাচটা জিততে পারেনি। খারাপ আলোর কারণে এই ম্যাচটা জলদি শেষ হয়ে গিয়েছিল।
এবার আবহাওয়ার কথায় আসা যাক। কানপুর টেস্ট চলাকালীন কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুসারে, ২৭ ডিসেম্বর ম্যাচ শুরু হওয়ার সময় বৃষ্টি হতে পারে। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। গোটা দিনই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। এমনকি, দ্বিতীয় দিনও সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচের শেষ ২ দিন কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।