
টিম ইন্ডিয়ার পেস তারকা মহম্মদ শামি
শেষ আপডেট: 8 September 2024 23:23
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে। এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচের জন্য বিসিসিআই টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। প্রথম টেস্ট ম্যাচটি চেন্নাইয়ে আয়োজন করা হবে। তবে সবথেকে বড় আশ্চর্য্যের ব্যাপার, এই স্কোয়াডে ভারতীয় ক্রিকেট দলের পেস তারকা মহম্মদ শামিকে রাখা হয়নি।
প্রসঙ্গত ২০২৩ সালে আয়োজিত একদিনের ক্রিকেট বিশ্বকাপের স্কোয়াডে শামিকে শেষবার দেখতে পাওয়া গিয়েছিল। যদিও টুর্নামেন্টের প্রথম তিনটে ম্যাচ তাঁকে রিজার্ভ বেঞ্চেই বসিয়ে রাখা হয়। হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার পরই সামিকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে জায়গা দেওয়া হয়েছিল। শেষপর্যন্ত উত্তর প্রদেশের এই বোলারই একদিনের ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকার করেন।
এরপর চোটের কারণে শামিকে আর টিম ইন্ডিয়ায় দেখতে পাওয়া যায়নি। আশা করা হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে এই পেস বোলারকে হয়ত জায়গা দেওয়া হবে। কিন্তু, শামির অনুপস্থিতি দেখার পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। কিন্তু, সামিকে কেন টিম ইন্ডিয়ার স্কোয়াডে নেওয়া হল না, সেই ব্যাপারে বোর্ডের তরফে কোনও সদুত্তর দেওয়া হয়নি।
তবে শামিকে সুযোগ দেওয়া না হলেও এই স্কোয়াডে যশ দয়ালকে রাখা হয়েছে। কামব্যাক করেছেন কেএল রাহুল, ধ্রুব জুরেল এবং ঋষভ পন্থও। প্রসঙ্গত, ২০২২ সালের ডিসেম্বর মাসের পর থেকে ঋষভ আর টেস্ট ক্রিকেট খেলেননি। একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনায় তিনি আহত হয়েছিলেন। চলতি বছর জুন মাসে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফের কামব্যাক করেন।
টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্টে যশ দয়াল ছাড়াও রয়েছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং আকাশ দীপ। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ডেবিউ করেছিলেন আকাশ দীপ। ২০২৪ দলীপ ট্রফিতেও তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেন।
রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ এবং যশ দয়াল।