
উইকেট শিকারের পর বুমরাহের উচ্ছ্বাস
শেষ আপডেট: 7 December 2024 11:49
দ্য ওয়াল ব্যুরো : অ্যাডিলেড টেস্টের দ্বিতীয়দিন ইতিমধ্যেই জমে উঠেছে। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে দ্বিতীয় দিনের ডিনার ব্রেক। অস্ট্রেলিয়া ক্রিকেট দল আপাতত ৪ উইকেট হারিয়ে ১৯১ রান করেছে। ভারতের থেকে তারা মাত্র ১১ রানে এগিয়ে রয়েছে।
সত্যি কথা বলতে কী, এই সেশনটা দুটো ভাগে দেখা যেতেই পারে। প্রথমার্ধে ভারত, বলা ভাল জসপ্রীত বুমরাহ, রাজত্ব করলেন। এই সেশনে মাত্র ৪১ রানে তিন উইকেট হারাল অস্ট্রেলিয়া। তবে বুমরাহ স্পেল শেষ করতে না করতেই দ্বিতীয় ঘণ্টায় লাবুশেন এবং হেড দাপুটে ব্যাটিং শুরু করলেন। দুই ব্যাটারই মালিক হলেন ঝকঝকে হাফসেঞ্চুরির।
শেষপর্যন্ত নীতিশ কুমার রেড্ডির বলে লাবুশেন (৬৪) আউট হলেন। তবে এখনও স্বস্তিতে নেই টিম ইন্ডিয়া। যথেষ্টই মাথাব্যথার কারণ রয়েছে। আর সেই মাথাব্যথার নাম ট্রাভিস হেড। তিনি ৬৭ বলে অপরাজিত ৫৩ রান করেছেন। দ্বিতীয় নতুন বল আসার আগেই অজিরা এই রানের লিডটা যতটা সম্ভব বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে।
এরপর আসছে গোলাপি বল টেস্টের গোধূলি লগ্ন। সেখানে কিছুটা হলেও সমস্যায় পড়তে পারে ক্যাঙারুবাহিনী। এই পরিস্থিতিতে দ্বিতীয় সেশনে টিম ইন্ডিয়া কেমন পারফরম্য়ান্স করে, সেদিকেই সবাই তাকিয়ে রয়েছে। তবে লড়াই যে চোখে চোখ রেখেই হচ্ছে, তা ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল।