
সবুজ ঘাসে ভরা অ্যাডিলেডের উইকেট
শেষ আপডেট: 5 December 2024 16:53
দ্য ওয়াল ব্যুরো : বর্ডার-গাভাসকার সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ অ্যাডিলেডে আয়োজন করা হচ্ছে। পারথে টিম ইন্ডিয়া একেবারে পিকচার পারফেক্ট পারফরম্য়ান্স করেছিল। দলের পেস বোলাররা এই ম্যাচে এক অনন্য রূপকথা লিখেছিলেন।
পারথে মুখ থুবড়ে পড়লেও দ্বিতীয় টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে। সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে থাকলেও তারা অ্যাডিলেডে সবুজ উইকেট তৈরি করছে।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে অ্যাডিলেডে প্রস্তুত উইকেটের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে, এই উইকেটে পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস রয়েছে।
একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, পিঙ্ক বল টেস্টে নাকি উইকেটের উপরিভাগে ৬ মিলিমিটার ঘাস থাকবে। ফলে একটা বিষয় স্পষ্ট যে ভারতের জন্য সবুজ উইকেট তৈরি করছে অস্ট্রেলিয়া। এই উইকেটে কতটা রান উঠবে, তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন।
পারথ টেস্টের প্রথম ইনিংসে ভারত ১৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল। কিন্তু, অস্ট্রেলিয়া ১০৪ রানে গুটিয়ে যায়। ক্যাঙারু ব্যাটাররা ফ্লপ হওয়ার পরদিনই উইকেটের যাবতীয় ঘাস উড়িয়ে দেওয়া হয়েছিল।
ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্যাচটা গোলাপি বলে খেলা হবে। দিন-রাতের টেস্ট ম্যাচে ক্যাঙারু দলের রেকর্ড কিন্তু যথেষ্ট নজরকাড়া। এই বলে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত এক ডজন টেস্ট ম্যাচ খেলেছে। এরমধ্যে ১১ ম্যাচেই অজিরা জয়লাভ করেছে। একটা ম্যাচেই তাদের হারতে হয়েছিল।
এবার রেকর্ডের দিকে নজর দেওয়া যাক। গোলাপি বলে ক্যাঙারু বোলাররা আগুন পারফরম্য়ান্স করেছেন। ২০২০ সালে টিম ইন্ডিয়া এই মাঠে পিঙ্ক বল টেস্ট খেলতে নেমেছিল। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া মাত্র ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল।