আমরা ভারতীয় ক্রিকেট দলকে এশিয়া কাপে খেলতে বাধা দেব না কারণ এটি বহুপাক্ষিক।

ভারত বনাম পাকিস্তান
শেষ আপডেট: 21 August 2025 18:43
দ্য ওয়াল ব্যুরো: দুই পড়শি দেশের সাম্প্রতিক সম্পর্কের আবহে এশিয়া কাপে (Asia Cup) ভারতের পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে খেলা উচিত কি না, সেই নিয়ে চলছে জোরদার আলোচনা। হরভজন সিং, ইরফান পাঠানের মতো প্রাক্তন ক্রিকেটাররা যখন পাকিস্তানের বিরুদ্ধে খেলা নিয়ে তীব্র আপত্তি জানাচ্ছেন, তখন অনেকেই মনে করছেন ভারতের খেলা উচিত। কারণ ভারত-পাকিস্তান ম্যাচ না হলে তার প্রভাব পড়বে গোটা টুর্নামেন্টে, যেখানে জড়িত রয়েছে আরও কয়েকটি দেশ।
বিসিসিআই এর আগে জানিয়েছিল, পাকিস্তানের বিরুদ্ধে খেলা নির্ভর করবে কেন্দ্রের সিদ্ধান্তের উপর। বৃহস্পতিবার ক্রীড়া মন্ত্রক (Sports Ministry of India) জানিয়েছে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে কোনও দ্বিপাক্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবে না, তবে আগামী মাসে বহুদলীয় এশিয়া কাপে ক্রিকেট দলকে খেলতে বাধা দেওয়া হবে না। এদিন ক্রীড়া মন্ত্রক পাকিস্তানকে নিয়ে ভারতের আন্তর্জাতিক কর্মকাণ্ডের বিষয়ে নতুন নীতিমালা (New Policy) প্রকাশ করেছে।
ভারত পাকিস্তানের বিরুদ্ধে কোনও ম্যাচে খেলবে কি, এই প্রশ্ন বারবার ওঠার প্রেক্ষাপটে এই নতুন নীতি ঘোষণা করেছে ভারতের ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রকের শীর্ষ কর্তারা বলেছেন, দ্বিপাক্ষিক খেলাধুলা এবং বহুপাক্ষিক প্রতিযোগিতার মধ্যে পার্থক্য নতুন কাঠামোর মূল বিষয়। নীতিমালায় বলা হয়েছে, "পাকিস্তানের সঙ্গে জড়িত ক্রীড়া ইভেন্টগুলিতে ভারতের দৃষ্টিভঙ্গি সেই দেশের সঙ্গে আচরণের ক্ষেত্রে তার সামগ্রিক নীতি প্রতিফলিত করে।"
পাশাপাশি বলা হয়েছে, "দ্বিপাক্ষিক ক্রীড়া ইভেন্টগুলির বিষয়ে ক্রীড়া মন্ত্রক গভীর উদ্বিগ্ন। কোনও ভারতীয় দলই পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না। আমরা পাকিস্তানের দলগুলিকেও ভারতে খেলার অনুমতি দেব না। তবে, বহুপাক্ষিক খেলাধুলা প্রভাবিত হবে না।"
পাশাপাশি কেন্দ্রের ক্রীড়া মন্ত্রক জানিয়েছে, "আমরা ভারতীয় ক্রিকেট দলকে এশিয়া কাপে খেলতে বাধা দেব না কারণ এটি বহুপাক্ষিক। কিন্তু দ্বিপাক্ষিক প্রতিযোগিতার জন্য পাকিস্তানকে ভারতের মাটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তবে আমরা অলিম্পিকের নিয়ম মেনে চলার কারণে বহুপাক্ষিক ইভেন্ট থেকে তাদের বিরত রাখব না।"