ভারতীয় শিবিরের সেমিফাইনাল বয়কট করার সিদ্ধান্ত নিয়ে সংবাদসংস্থা পিটিআইকে নির্ভরযোগ্য সূত্র মারফত বলা হয়েছে, ‘ভারতের প্রাক্তন ক্রিকেটাররা পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি নন। সেমিফাইনালে তাঁরা অংশ নেবেন না।’

যুবরাজ ও হরভজন
শেষ আপডেট: 30 July 2025 18:30
দ্য ওয়াল ব্যুরো: গ্রুপের লড়াইয়ের আগে শিখর ধাওয়ানরা যখন সাফ জানিয়ে দেন, পহেলগেম জঙ্গি হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে ময়দানে নামবেন না, তখন প্রবল বিতর্কের আবহেও প্রশ্ন জেগেছিল: দুই দল যদি ফের নক আউটে মুখোমুখি হয়, তখন কী হবে?
আশঙ্কাটা যে অমূলক ছিল না, সেটা প্রমাণ হল আজ। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (WCL) পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে অস্বীকার করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা। টুর্নামেন্টের ভারতীয় দল 'ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স' এই সিদ্ধান্তের কথা আয়োজকদের স্পষ্ট জানিয়ে দিয়েছে। শেষ চারের লড়াই আয়োজনের কথা বৃহস্পতিবার, বার্মিংহ্যামে। কিন্তু তার আগে টুর্নামেন্টের সমাপ্তিলগ্নে সুষ্ঠুভাবে প্রতিযোগিতার পর্দা ফেলতে রীতিমতো হিমশিম খাচ্ছেন আয়োজকরা।
ভারতীয় শিবিরের সেমিফাইনাল বয়কট করার সিদ্ধান্ত নিয়ে সংবাদসংস্থা পিটিআইকে নির্ভরযোগ্য সূত্র মারফত বলা হয়েছে, ‘ভারতের প্রাক্তন ক্রিকেটাররা পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি নন। সেমিফাইনালে তাঁরা অংশ নেবেন না।’
প্রসঙ্গত, এর আগে গ্রুপ লিগ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে একইভাবে নামতেই রাজি হননি একাধিক ভারতীয় তারকা। ম্যাচ বাতিল হয়। কারণ হিসেবে উঠে আসে পহেলগাম নাশকতা, অপারেশন সিঁদুর ও দ্বিপাক্ষিক কূটনৈতিক উত্তেজনার প্রসঙ্গ। সেই অনড় সিদ্ধান্তকে এবার আরও জোরালোভাবে, উচ্চকিত মেজাজে পেশ করল ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স।
যদিও এখানেই বিতর্কের ইতি নয়। ইতিমধ্যে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্টের অন্যতম প্রধান স্পনসর ইজমাইট্রিপ-ও (EaseMyTrip)। সংস্থার তরফে স্পষ্ট জানানো হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তাদের কোনও রকম অংশগ্রহণ বা সমর্থন থাকবে না। এক বিবৃতিতে ইজমাইট্রিপের অন্যতম কর্ণধার নিশান্ত পিট্টি বলেন, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে ভারতীয় দলের দুর্দান্ত পারফরম্যান্সে আমরা গর্বিত। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল শুধুমাত্র একটা ম্যাচ নয়। সন্ত্রাসবাদ এবং ক্রিকেট একসঙ্গে চলতে পারে না। সংস্থার পক্ষ থেকে জানাতে চাই, যেখানে পাকিস্তানের মতো একটি দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, এমন কোনও ম্যাচকে আমরা কোনওভাবেই সমর্থন করি না।’
তিনি আরও বলেন, ‘ভারতের মানুষ তাঁদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। আমরাও সেই মতের সঙ্গে রয়েছি। ভারত বনাম পাকিস্তান ম্যাচে আমাদের কোনও অংশীদারিত্ব নেই। খেলাধুলোর থেকেও কিছু জিনিস বড়। দেশের স্বার্থ আগে, ব্যবসা পরে—এই ভাবনাই আমাদের নীতি!’
ইজমাইট্রিপ সরে দাঁড়ানোয় টুর্নামেন্ট কর্তৃপক্ষের উপর চাপ আরও বেড়েছে। স্পনসর ও ক্রিকেট দল, দুই পক্ষই যেখানে পাকিস্তান ম্যাচে অংশ নিতে রাজি নয়, সেখানে সমাধানসূত্র নিয়ে আয়োজকরা বিড়ম্বনায়।