ফাইনালের আগে আখতারের বক্তব্য কিছুটা আলাদা ছিল। তখন তিনি স্বীকার করেছিলেন, যে ফাইনালে টিম ইন্ডিয়াই ফেভারিট। যদিও একই সঙ্গে জানিয়ে দেন, ক্রিকেটের স্বার্থে তিনি চান নিউজিল্যান্ড-ই যেন বিশ্বকাপ জেতে।

ছবি: গুগল
শেষ আপডেট: 9 March 2026 12:01
দ্য ওয়াল ব্যুরো: ভারতের দাপুটে বিশ্বজয়ের রাতে রাগে ফুঁসছে গোটা পাকিস্তান। খেপে লাল প্রাক্তন পেসার শোয়েব আখতারও (Shoaib Akhtar)। করে বসলেন বিতর্কিত মন্তব্যও! শোয়েবের দাবি, ভারতের উত্থান নাকি ক্রিকেটের ভারসাম্যই নষ্ট করে দিচ্ছে। বক্তব্যের সমর্থনে বড়লোক-গরিবের তুলনাও টেনেছেন তিনি!
রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের (Narendra Modi Stadium) ফাইনালে নিউজিল্যান্ডকে (New Zealand) ৯৬ রানে হারিয়ে টি–২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) জেতে টিম ইন্ডিয়া (India)। এই নিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন এবং টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখার নজির গড়েছে ভারত। একপেশে খেলায় সূর্য বাহিনীর দাপট দেখে অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞ প্রশংসা করলেও আখতার তীব্র সমালোচনায় সরব।
‘বড়লোকের ছেলের মতো খেলছে ভারত’
পাকিস্তানের স্ট্রিমিং প্ল্যাটফর্মে একটি ক্রিকেট শো-তে বক্তব্য রাখতে গিয়ে আখতার জানান, ভারতের আধিপত্য নাকি ক্রিকেটকে একপেশে করে দিচ্ছে। তিনি বলেন, ‘এটা ঠিক যেন পাড়ায় এক ধনী ছেলে আছে। সে গরিব ছেলেদের ডেকে বলে, “চল ক্রিকেট খেলি!” তারপর আটটা দলের মধ্যে চারটে রাখে, আবার সেখান থেকে তিনটে বেছে নেয়, শেষে বলে—“দেখো, আমি জিতেছি!” ভারত এখন ক্রিকেটে ঠিক সেটাই করছে।’
Look at the hypocrisy of Shoaib Akhtar, on one hand he is saying such things and on the other hand he is listening to the criticism of India. pic.twitter.com/jKKDGtWqtu
— Neeraj Ranjan (@NeerajRanjan84) March 9, 2026
আখতারের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। অনেক সমর্থকের মতামত, কোনও যুক্তি ছাড়াই নিছক ভারতের বড় জয়ের হতাশা থেকেই এমন মন্তব্য করেছেন প্রাক্তন পাক পেসার।
ফাইনালের আগে অন্য সুর
ফাইনালের আগে আখতারের বক্তব্য কিছুটা আলাদা ছিল। তখন তিনি স্বীকার করেছিলেন, যে ফাইনালে টিম ইন্ডিয়াই ফেভারিট। যদিও একই সঙ্গে জানিয়ে দেন, ক্রিকেটের স্বার্থে তিনি চান নিউজিল্যান্ড-ই (New Zealand) যেন বিশ্বকাপ জেতে। শোয়েব বলেন, ‘ভারতের সামনে দেড়শো কোটি মানুষের প্রত্যাশা আছে। আমদাবাদে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে তারা একবার হেরেছে। আমার মনে হয় শেষ পর্যন্ত ভারতই জিততে পারে। কিন্তু ক্রিকেটের স্বার্থে নিউজিল্যান্ডের জয় লাভ করা উচিত!’
প্রশংসা গম্ভীরের
তীব্র সমালোচনা করলেও ভারতের সাফল্যের আসল কারণ স্বীকার করেছেন আখতার। তাঁর মতে, আসল ফ্যাক্টর দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। যিনি কঠিন সময়ে ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন। বড় টুর্নামেন্টে খেলোয়াড়দের উপর আস্থা রাখাই অনেক সময় ম্যাচ ঘোরাতে পারে। গম্ভীর সেই কাজটা করেছেন।
এদিকে ভারতের বিশ্বজয়ের পর পাকিস্তানের আরেক প্রাক্তন পেসার মহম্মদ আমির (Mohammad Amir) নতুন করে বিতর্কের ইন্ধন জুগিয়েছেন। তাঁর দাবি, ম্যাচে নিউজিল্যান্ড (New Zealand) বোলাররা চাপ তৈরি করতে ব্যর্থ বলেই ভারতের ব্যাটাররা সহজে বড় স্কোর গড়তে পেরেছেন। এর আগে এই আমিরই ভবিষ্যদ্বাণীর সুরে জানিয়েছিলেন, টিম ইন্ডিয়া ফাইনালে উঠবে না। একবার নয়, একাধিকবার সূর্য বাহিনীর বিরুদ্ধে বাজি লড়েছিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার। শেষমেশ যদিও সে সবই ভ্রান্ত প্রমাণিত হল!