এই পারফরম্যান্সে শুধু ম্যাচ জেতাই নয়, নেট রান রেটও অনেকটা বাড়িয়ে রাখল ভারত।

রাধা যাদব
শেষ আপডেট: 15 February 2026 17:05
দ্য ওয়াল ব্যুরো: কলম্বোয় ছেলেদের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) মহারণ শুরু হতে এখনও দু’ঘণ্টা বাকি। কিন্তু তার আগেই ব্যাংককে উড়ল তেরঙা পতাকা! উইমেন্স এশিয়া কাপ রাইজিং স্টারসে (Women’s Asia Cup Rising Stars) ভারতীয় মহিলা ‘এ’ টিম (India A Women) আট উইকেটে উড়িয়ে দিল পাকিস্তানকে (Pakistan A Women)। যেন বড় ম্যাচের আগে সংক্ষিপ্ত, অথচ জোরালো বার্তা—দাপট দেখিয়ে লড়াই জেতার মহড়া শুরু হয়ে গিয়েছে!
ব্যাংককের ময়দানে (Terdthai Cricket Ground) গ্রুপ এ-র ম্যাচে টস জিতে আগে ব্যাট করে পাকিস্তান। শুরু থেকেই চাপে পড়ে পাক শিবির। প্রথম ওভারে ইউসরা আমিরকে ফেরান সাইমা ঠাকুর (Saima Thakor)। মাঝের ওভারে রাধা যাদব (Radha Yadav) ও প্রেমা রাওয়াত (Prema Rawat) বল হাতে নিয়ন্ত্রণ ধরে রাখেন।
পাকিস্তানের ইনিংসে বড় জুটি গড়ে ওঠার সুযোগই পায়নি। শাওয়াল জুলফিকার (Shawaal Zulfiqar) ২৩ ও গুল রুখ (Gull Rukh) ২১ রান করেন। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় স্কোরবোর্ড সেভাবে এগোয়নি। ১৮.৫ ওভারে ৯৩ রানে অলআউট পাকিস্তান। রাধার ২/১১, সাইমার ২/১৪ এবং প্রেমার ২/১৬—এই ত্রয়ীর আগুনে বোলিংই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
যদিও ৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথম বলেই হুমায়রা কাজি আউট। তবে এরপর লড়াই কার্যত একতরফা। দীনেশ বৃন্দা (Dinesh Vrinda) ব্যাট হাতে তাণ্ডব চালান। মাত্র ২৯ বলে অপরাজিত ৫৫। বারোটি বাউন্ডারিতে সাজানো ইনিংস। অন্য প্রান্তে অনুষ্কা শর্মা (Anushka Sharma) ২৪ রান করে ইনিংস সামলান। পাওয়ারপ্লেতেই ম্যাচ হাতছাড়া পাকিস্তানের। শেষদিকে তেজল হাসাবনিস (Tejal Hasabnis) দ্রুত রান তুলে কাজের কাজটুকু সেরে ফেলেন। ১০.১ ওভারে ৯৭/২—৫৯ বল বাকি থাকতে জয় নিশ্চিত।
এই পারফরম্যান্সে শুধু ম্যাচ জেতাই নয়, নেট রান রেটও অনেকটা বাড়িয়ে রাখল ভারত। আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির (United Arab Emirates) কাছে হারের পর চাপে ছিল দল। সেই চাপ কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন। অন্যদিকে গ্রুপ এ-তে পিছিয়ে পড়ল পাকিস্তান। নকআউটের লড়াই এখন তাদের জন্য বিস্তর কঠিন হয়ে উঠেছে।
সংক্ষেপে স্কোর:
পাকিস্তান ‘এ’: ৯৩ অলআউট (১৮.৫ ওভার)
ভারত ‘এ’: ৯৭/২ (১০.১ ওভার)
ফল: ভারত ৮ উইকেটে জয়ী।