২৯ ওভার শেষে ৩ উইকেট খুইয়ে ১৯৬। অল্প অল্প করে রাঁচির মাঠে শতকের পথে হাঁটছেন বিরাট।

বিরাট ও রোহিত
শেষ আপডেট: 30 November 2025 15:52
দ্য ওয়াল ব্যুরো: রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে প্রথম একদিনের ম্যাচে দারুণ ছন্দে শুরু করেও হাফসেঞ্চুরিতে থামলেন রোহিত শর্মা (Rohit Sharma)। যদিও এখনও অপর প্রান্তে দাঁড়িয়ে নিজের ছন্দে ম্যাচের গতি ধরে রেখেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ম্যাচের মাঝপথেই স্পষ্ট—আজ ভারতীয় ইনিংসের ভিত গড়েছেন দুই অভিজ্ঞ ব্যাটারই।
টসে হেরে টিম ইন্ডিয়ার অধিনায়ক কেএল রাহুল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ইনিংসের শুরুতেই মার্কো জানসেনকে (Marco Jansen) সামলে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। যদিও খানকতক আক্রমণাত্মক চার-ছক্কা মারলেও বেশিক্ষণ টিকতে পারেননি। আন্দ্রে বার্গারের (Nandre Burger) বলে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরেন (১৮ রানে)। এরপরই ক্রিজে নামেন কোহলি। আর ঠিক তখন থেকেই রান তোলার গতি পাল্টে দেয় ভারত।
রোহিতও চেনা ছন্দে। একবার জীবনদানও পান। টনি ডি জর্জি (Tony de Zorzi) সহজ ক্যাচ ফেললেন চতুর্থ ওভারে। আর তারপর থেকেই বদলে যায় দৃশ্য। রোহিত প্রথমে সামলে হানেন পাল্টা আক্রমণ। জানসেনের মাথার উপর দিয়ে দুটি টানা ছক্কা—ওয়ানডে ক্রিকেটে ৩৫১ ও ৩৫২ নম্বর ওভার বাউন্ডারি! শাহিদ আফ্রিদিকে (Shahid Afridi) পেছনে ফেলে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন রোহিতের দখলে।
যোগ্য সঙ্গত দেন বিরাট! দু’জন মিলে গড়েন শতরানের জুটি। কোহলি নিজের স্টাইলে স্ট্রাইক রোটেট করতে করতে পৌঁছে যান হাফসেঞ্চুরিতে। এরপর গিয়ার বদল! দ্রুত ব্যাট চালানো শুরু। লং-অফ, ডিপ পয়েন্ট—যেদিকেই ফাঁকা পেলেন, রান বের করে নিলেন সহজে। মাঝেসাঝে উড়ল ছক্কাো। ইতিমধ্যেই ৫টি ছয় মেরেছেন বিরাট।
রোহিতও আত্মবিশ্বাসের সঙ্গে ৬০তম ওয়ানডে হাফসেঞ্চুরি তুলে নিন। কিন্তু ৫৭ রানে এসে জানসেনের শর্ট বলে ভুল টাইমিং। ডেলিভারি লাগে প্যাডে—সোজা এলবিডব্লিউ। কোহলির সঙ্গে একটু পরামর্শ করে রিভিউ না নিয়ে ফিরে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ময়দানে নামেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সুযোগ পেয়েছেন। শান্ত মাথায় শুরু। অন্যদিকে কোহলি। নরমে-গরমে। কখনও আক্রমণাত্মক, কখনও রক্ষণাত্মক! দুরন্ত কাভার ড্রাইভ, পুল, স্টেপ-আউট করে লং-অন—সব দিকেই তাঁর ব্যাট থেকে সহজে এসেছে রান।
রুতুরাজ আউট হয়ে ড্রেসিং রুমে ফিরলেও ভারত বড় স্কোর গড়ার লক্ষ্যে এগোচ্ছে। ২৯ ওভার শেষে ৩ উইকেট খুইয়ে ১৯৬। অল্প অল্প করে রাঁচির মাঠে শতকের পথে হাঁটছেন বিরাট।