.webp)
ভারতীয় ক্রিকেট দল
শেষ আপডেট: 12 November 2024 16:28
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্যাচের টি-২০ সিরিজ খেলছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের প্রথম দুটো ম্যাচে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। এবার তৃতীয় টি-২০ ম্যাচের পালা। আগামী বুধবার (১৩ নভেম্বর) এই ম্যাচ আয়োজন করা হবে।
এই সিরিজের প্রথম ম্যাচটা ভারতীয় সময় অনুসারে রাত সাড়ে আটটা থেকে শুরু হয়েছিল। কিন্তু, দ্বিতীয় টি-২০ ম্যাচ শুরু হয় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। তবে তৃতীয় টি-২০ ম্যাচে আবারও সময় বদল করা হয়েছে। জানা গিয়েছে, এই ম্যাচটি ফের রাত সাড়ে আটটায় শুরু হবে। আর টস হবে রাত আটটায়।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ২ টি-২০ ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নেমেছিলেন সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। প্রথম ম্যাচে সঞ্জু দুর্দান্ত শতরান করেছিলেন। কিন্তু, অভিষেক জোড়া ম্যাচেই বড় রান করতে ব্যর্থ হয়েছেন। তবে আশা করা হচ্ছে, তৃতীয় টি-২০ ম্যাচেও এই জুটিকেই দেখতে পাওয়া যাবে। কারণ ওপেনার হিসেবে টিম ইন্ডিয়ার হাতে তেমন কোনও বিকল্প নেই।
প্রথম টি-২০ ম্যাচে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। সিরিজে তারা ১-০ ব্যবধানে এগিয়েও যায়। কিন্তু, দ্বিতীয় ম্যাচে ভারতের ব্যাটিং ডিপার্টমেন্ট কার্যত মুখ থুবড়ে পড়ে। সেকারণে হারতে হয়েছিল। আপাতত দক্ষিণ আফ্রিকা এই সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়ে এনেছে। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়া যদি সেঞ্চুরিয়নে আয়োজিত তৃতীয় টি-২০ ম্যাচে জয়লাভ করতে পারে, তাহলে এই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যেতে পারবে।