
সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল
শেষ আপডেট: 10 November 2024 14:49
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে ধামাকাদার শুরুয়াত করেছে ভারতীয় ক্রিকেট দল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল এই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই রবিবার মাঠে নামবে।
সিরিজের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার টপ অর্ডার দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। ব্যাট হাতে ভারতীয় ক্রিকেট দলের ওপেনার সঞ্জু স্যামসন কার্যত তাণ্ডব করেছিলেন। পাশাপাশি বল হাতেও নজরকাড়া পারফরম্যান্স করলেন বরুণ চক্রবর্তী এবং রবি বিষ্ণোই। তবে দ্বিতীয় টি-২০ ম্যাচে বৃষ্টির কিন্তু বড়সড় পূর্বাভাস রয়েছে। সেন্ট জর্জ পার্কে আয়োজিত এই ম্যাচের আনন্দ বরুণদেবের কারণে বিঘ্নিত হতে পারে।
ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আয়োজিত দ্বিতীয় টি-২০ ম্যাচ বৃষ্টির কারণে থমকে যেতে পারে। অ্যাকুওয়েদার থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ম্যাচ শুরুর সময় ঝমঝমিয়ে বৃষ্টি হতে পারে। এরপরও ম্যাচ চলাকালীন বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যেতে পারে।
অর্থাৎ দ্বিতীয় টি-২০ ম্যাচের আনন্দ বৃষ্টির কারণে কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হতে পারে। আশঙ্কা করা হচ্ছে, বৃষ্টির কারণে এই ম্যাচ বেশ কয়েকবার বন্ধ করা হতে পারে। আর যদি ওভার কম করা হয়, তাহলে দুই দলের সমর্থকরাই রীতিমতো হতাশ হয়ে পড়বেন। গোটা দিনই সেন্ট জর্জ স্টেডিয়ামের আকাশ মেঘলা থাকবে। আশা করাই যায়, এই পরিস্থিতির ফায়দা দুটো দলের পেস বোলাররা তুলতে পারবেন।