দীনেশ কার্তিক বলেছেন, টেস্টে সফল হতে গেলে গিলকে ব্যাটিং অর্ডারে একটি নতুন ভূমিকা পালন করতে হবে। আর সেটি হল, বিরাট কোহলির জায়গা অর্থাৎ ৪ নম্বরে তাঁকে খেলতে হবে।

দীনেশ কার্তিক
শেষ আপডেট: 19 June 2025 19:31
দ্য ওয়াল ব্যুরো: শুভমান গিলকে (Shubman Gill) বিশেষ পরামর্শ দিলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার বলেছেন, শুভমান টেস্ট ক্রিকেটেও তাঁর সাদা বলের ফর্মের পুনরাবৃত্তি করতে পারলে তিনি খুবই খুশি হবেন। লাল বলের ক্রিকেটে সফল হতে গেলে গিলকে কী করতে হবে, সেই টোটকাও দিয়েছেন কার্তিক।
দীনেশ কার্তিক বলেছেন, টেস্টে সফল হতে গেলে গিলকে ব্যাটিং অর্ডারে একটি নতুন ভূমিকা পালন করতে হবে। আর সেটি হল, বিরাট কোহলির জায়গা অর্থাৎ ৪ নম্বরে তাঁকে খেলতে হবে।
এদিকে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে গিলের ডেপুটি ঋষভ পন্থ জানিয়েছেন, চার নম্বরে নামবেন নতুন ভারত অধিনায়ক। টেস্ট কেরিয়ার শুরু হওয়ার পর থেকে এটি হতে চলেছে গিলের তৃতীয় নতুন ব্যাটিং পজিশন। গত কয়েক বছরে, তিনি ওপেনিংয়ে নামার পাশাপাশি ৩ নম্বরেও খেলেছেন।
কার্তিক বলেছেন, “গিলের বোঝা উচিত তার কাছ থেকে দল কী আশা করছে। আশা করি ভারতের নতুন অধিনায়ক ড্রেসিংরুমের মন জয় করতে আগ্রহী হবে।”
কার্তিক বলেন, "শুভমন গিল অধিনায়ক হয়েছে। এটা অনেক বড় ব্যাপার। ও নিজেও বিষয়টি জানে। গিল ড্রেসিংরুমের মন জয় করতে চায়। যদি সে ব্যাট হাতে ভাল পারফর্ম করে এবং সাদা বলের ক্রিকেটে যে ফর্ম দেখিয়েছে তা ধরে রাখতে পারে, তাহলে বিশ্ব ওর জন্য উন্মুক্ত।"
তবে গিল এখনও পর্যন্ত ৪ নম্বরে কোনও টেস্ট খেলেননি। শুধু তাই নয়, গত কয়েকটি সিরিজে তিনি রানও করতে পারেননি। এমন পরিস্থিতিতে রান করার পাশাপাশি তাঁকে নেতৃত্বের দায়িত্বও খুব ভালভাবে পালন করতে হবে।
টেস্টে গিলের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে, ৩২টি ম্যাচের ৫৯ ইনিংসে তিনি ১৮৯৩ রান করেছেন। এই ফর্ম্যাটে গিলের গড় ৩৫.০৫ এবং স্ট্রাইক রেট ৫৯.৯২। গিল এখন পর্যন্ত টেস্টে ৫টি সেঞ্চুরি এবং ৭টি হাফ-সেঞ্চুরি করেছেন।
তবে গিলের টেস্ট পারফরম্যানস কিন্তু তাঁর হয়ে কথা বলছে না বিশেষ করে SENA-তে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া) তাঁর গড় কম। সেনা দেশে গিল ১১টি টেস্টে ২৫.৭০ গড়ে রান করেছেন। এই চার দেশের বিরুদ্ধে তাঁর অর্ধশতক মাত্র ২টি। আর দু’টিই এসেছে অজিদের বিরুদ্ধে।
কার্তিক প্রথম টেস্টের জন্য তাঁর পছন্দের একাদশও জানিয়েছেন। কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়ালকে রেখেছেন টপ অর্ডারে। কার্তিকের মতে, জয়সওয়াল চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। পাশাপাশি তিন নম্বরে ডিকের পছন্দ সাই সুদর্শন। প্রথম একাদশে ঢোকার জন্য কার্তিকের ভোট পেয়েছেন শার্দূল ঠাকুর, নীতিশকুমার রেড্ডি নন। শার্দুলকে ৮ নম্বরে জায়গা দেওয়া হয়েছে।
কার্তিক বলেন, "জয়সওয়ালকে এমন একজন খেলোয়াড়ের মতো দেখাচ্ছে, যে এই ধরণের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। সাই ৩ নম্বরে সুযোগ পেতে পারে। আমার মনে হয় সুদর্শন সাদা বলের ক্রিকেটে আইপিএলে এবং ভারতের হয়ে যে সুযোগগুলি পেয়েছে তাতে দুর্দান্ত পারফর্ম করেছে। সে কি সেই ফর্মকে লাল বলের ক্রিকেটেও রূপান্তর করতে পারবে?"
কার্তিক বলেন, "৮ নম্বরে, আমার মনে হয় শার্দুল ঠাকুরই সেরা খেলোয়াড় হবে। ও একজন বোলিং অলরাউন্ডার হলেও ব্যাটিংয়েও নিজেকে প্রমাণ করতে পারবে। আমরা সকলেই জানি লোয়ার অর্ডারের রান কতটা গুরুত্বপূর্ণ।"