
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা
শেষ আপডেট: 30 September 2024 07:57
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং বাংলাদেশের মধ্যে আপাতত দ্বিতীয় টেস্ট ম্যাচ চলছে। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আয়োজিত এই টেস্ট ম্যাচ যে অবধারিতভাবে ড্র'র দিকেই যাচ্ছে, তা একপ্রকার বলা যেতেই পারে। আড়াই দিনেরও বেশি সময় বৃষ্টির কারণে খেলা সম্ভব হয়নি। হাতে আর মাত্র ২ দিনই বাকি রয়েছে। এই পরিস্থিতিতেও টিম ইন্ডিয়া কানপুর টেস্টে জয়লাভ করতে পারে। কিন্তু কীভাবে? আসুন সেটাই দেখে নেওয়া যাক।
এখনও পর্যন্ত এই টেস্ট ম্যাচে মাত্র ৩৫ ওভারই খেলা সম্ভব হয়েছে। টিম ইন্ডিয়া টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথমদিন বৃ্ষ্টির কারণে নির্দিষ্ট সময়ের অনেকটা আগেই খেলা শেষ করে দিতে হয়। এরপর দ্বিতীয় এবং তৃতীয় দিনে মাঠে একটাও বল গড়ায়নি।
এই পরিস্থিতি থেকে আদৌ টিম ইন্ডিয়া কানপুর টেস্টে কি জয়লাভ করতে পারবে? অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে এই টেস্ট ম্যাচটা চোখ বন্ধ করে ড্র হতে চলেছে। তবে টস জেতার পর রোহিতের বল করার সিদ্ধান্ত কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। যদি চতুর্থ এবং পঞ্চম দিন পুরো খেলা হয়, তাহলে টিম ইন্ডিয়া এই ম্যাচে একটা ফলাফলের প্রত্যাশা করতেই পারে। তবে টিম ইন্ডিয়াকে প্রথম ইনিংসে দ্রুত ব্যাট করে এমন রানের পাহাড় গড়তে হবে, যা দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ স্পর্শ করতে না পারে। ফলত, ভারতেও আর দ্বিতীয়বার ব্যাট করতে হবে না। সেক্ষেত্রে একটা সম্ভাবনা তো থেকেই যায়।
টিম ইন্ডিয়াকে যদি এই ম্য়াচটা জিততেই হয়, তাহলে ভারতীয় বোলারদের কাজটা কিন্তু যথেষ্ট কঠিন হবে। প্রথম ইনিংসের বাকি সাত উইকেট যত তাড়াতাড়ি সম্ভব তুলতে নিতে হবে ভারতীয় বোলারদের। এরপর যদি রোহিত-বিরাটরা টেস্ট ক্রিকেটে টি-২০ ঝড় তুলতে পারেন এবং প্রথম ইনিংসে একটা বড় ব্যবধানে লিড নিতে পারেন, সেক্ষেত্রে সম্ভাবনার একটা দরজা অবশ্যই খুলে যাবে। তবে দ্বিতীয় ইনিংসে হাতে যতই কম সময় থাকুক গোটা বাংলাদেশ ক্রিকেট দলকে কিন্তু অলআউট করতে হবে। তাহলেই একমাত্র ভারতের পক্ষে জয় সম্ভব।