
জোড়া হাফসেঞ্চুরি করলেন কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল
শেষ আপডেট: 23 November 2024 14:43
দ্য ওয়াল ব্যুরো: পারথ টেস্টে একের পর এক নাটক অব্যাহত। প্রথমে ভারতীয় ক্রিকেট দল ১৫০ রানে অলআউট হয়ে যায়। এরপর অস্ট্রেলিয়াও মুখ থুবড়ে পড়ে ১০৪ রানে। তবে দ্বিতীয় ইনিংসে নিজেদের ভোল একেবারে বদলে ফেলল টিম ইন্ডিয়া। শতরানের ওপেনিং পার্টনারশিপে টিম ইন্ডিয়া আপাতত অশ্বমেধ ঘোড়ার মতোই দৌড়চ্ছে। টিম ইন্ডিয়ার দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুলের ব্যাট থেকে ঝকঝকে হাফসেঞ্চুরি দেখতে পাওয়া গেল।
অস্ট্রেলিয়ার উইকেটে এই প্রথম হাফসেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল। প্রথম ইনিংসে তিনি শূন্য রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। তারপর অবশ্য সমালোচনা কম হয়নি। তবে দ্বিতীয় ইনিংসে সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন টিম ইন্ডিয়ার এই তরুণ ওপেনার। ১২৩ বলে তিনি হাফসেঞ্চুরি করলেন। তাঁর এই ইনিংসে পাঁচটি বাউন্ডারি ছিল।
অন্যদিকে পিছিয়ে ছিলেন না টিম ইন্ডিয়ার অপর ওপেনার কেএল রাহুলও। এই সিরিজ শুরুর আগে রাহুলের ব্যাটিং নিয়েও যথেষ্ট কাটাছেঁড়া হয়েছিল। অনুশীলন ম্য়াচে তিনি রান করতে পারেননি। তা নিয়েও কম কথা হচ্ছিল না। কিন্তু, পারথের উইকেটে তিনি নিজের প্রতিভার প্রতি সুবিচার করলেন। প্রথম ইনিংসে তিনি ২৬ রান করেছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে তিনি অজি বোলারদের রেয়াত করলেন না। যশস্বীর পর তাঁর ব্যাট থেকেও অর্ধশতরান দেখতে পাওয়া গেল। ১২৪ বলে তিনি হাফসেঞ্চুরি করলেন। সেইসঙ্গে টিম ইন্ডিয়া বিনা উইকেটে ১২৮ রানের পার্টনারশিপ করে ফেলল।
আর এই জোড়া হাফসেঞ্চুরিতে ভারতীয় ক্রিকেট দল চালকের আসনে বসে রয়েছে। এই প্রসঙ্গে একটা ছোট পরিসংখ্যান দেওয়া যাক। টিম ইন্ডিয়া ২০ বছর পর অস্ট্রেলিয়ার উইকেটে শতরানের ওপেনিং পার্টনারশিপ গড়ল। ২০০৩ সালের ২৬ ডিসেম্বর বীরেন্দ্র সেহওয়াগ এবং আকাশ চোপড়ার মধ্যে শেষবার অজিভূমে শতরানের ওপেনিং পার্টনারশিপ গড়েছিল ভারত। সেই ম্য়াচের প্রথম ইনিংসে বীরেন্দ্র সেহওয়াগ ১৯৫ রানও করেছিলেন।
তবে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াও ধামাকাদার ব্যাটিং করে। ম্যাথিউ হেডেন ১৩৬ এবং রিকি পন্টিংয়ের ২৫৭ রানের দৌলতে অজিরা ৫৫৮ রান তোলে। টিম ইন্ডিয়া শেষপর্যন্ত এই ম্যাচটা ৯ উইকেটে হেরে গিয়েছিল। তবে এবার টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে সেই সুযোগ দেবে বলে মনে হয় না।