
ব্যাট করছেন নীতিশ কুমার রেড্ডি
শেষ আপডেট: 28 December 2024 07:22
দ্য ওয়াল ব্য়ুরো : মেলবোর্ন টেস্টের লাগাম ক্রমশ টিম ইন্ডিয়ার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। ইতিমধ্যে তৃতীয় দিনের লাঞ্চ ঘোষণা করা হয়েছে। দিনের প্রথম সেশনে অস্ট্রেলিয়ার বোলাররা দুর্দান্ত দাপট দেখালেন। ২৪৪ রানে সাত উইকেট হারিয়ে আপাতত কাঁপছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার থেকে এখনও তারা ২৩০ রানে পিছিয়ে রয়েছে।
প্রসঙ্গত, দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়া ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করেছিল। তৃতীয় দিনের প্রথম সেশনে আরও ২ উইকেট হারিয়ে ৮০ রান করেছে। টিম ইন্ডিয়াকে ফলো-অন বাঁচাতে এখনও ৩১ রান করতে হবে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা আপাতত ঈশ্বরের কাছে প্রার্থণা করছেন, যেন এই লজ্জার হাত থেকে কোনওক্রমে বাঁচা যায়।
ব্রিসবেন টেস্টেও এই একই পরিস্থিতির শিকার হয়েছিল ভারত। সেইসময় টিম ইন্ডিয়াকে উদ্ধার করেছিলেন আকাশ দীপ এবং বুমরাহ। মেলবোর্নে আপাতত নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর রয়েছে। বক্সিং ডে টেস্ট ম্যাচে শুভমান গিলকে ড্রপ করে ওয়াশিংটন সুন্দরকে প্রথম একাদশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এবার সুন্দর সেই ভরসার প্রতি সুবিচার করতে পারেন কি না, সেদিকেই সকলের নজর রয়েছে।
এই টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার ব্যাটিং আরও একবার মুখ থুবড়ে পড়েছে। ভারতের টপ অর্ডার ব্যাটারদের মধ্যে একমাত্র যশস্বী জয়সওয়াল ছাড়া আর কেউ তেমন নজর কাড়তে পারেননি। আশা ছিল, তৃতীয় দিন হয়ত ঋষভ পন্থ (২৮) এবং রবীন্দ্র জাদেজার (১৭) মধ্যে একটা বড় রানের জুটি দেখতে পাওয়া যাবে। কিন্তু, সেই সৌভাগ্য ভারতীয় ক্রিকেট সমর্থকদের হয়নি। এই পরিস্থিতিতে নীতিশ রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরের সামনে নিজেদের প্রমাণ করার একটা বড় মঞ্চ পড়ে রয়েছে। কিন্তু, কীভাবে সেটা তাঁরা কাজে লাগান, এখন দেখার।