
বৃষ্টিতে বিপর্যস্ত গাব্বার আউটফিল্ড
শেষ আপডেট: 14 December 2024 11:21
দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের তৃতীয় ম্যাচটি (Rain In Gabba Test) গাব্বা স্টেডিয়ামে খেলা হচ্ছে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। ক্যাঙারু দলকে তিনি ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন। মেঘলা ওয়েদারেই অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামেন উসমান খোওয়াজা এবং নাথান ম্যাকসুইনি। ইনিংসের শুরুটা তাঁরা বেশ দেখেশুনেই করেছেন। প্রথম ১০ ওভারে কোনও উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। তবে বৃষ্টির কারণে এই ম্যাচের আনন্দ অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে।
প্রথমে তো ষষ্ঠ ওভারে বৃষ্টির কারণে ২০-২৫ মিনিট বরবাদ হয়েছিল। এরপর ১৪ ওভারে আবারও ঝেঁপে বৃষ্টি আসে। এবার বৃষ্টির গতিবেগ এতটাই বেশি ছিল যে আম্পায়ারদের প্রথমে লাঞ্চ ব্রেক ঘোষণা করা হয়। কিন্তু, বৃষ্টি থামার কোনও লক্ষণ দেখা যায়নি। অতঃপর চা-পানের বিরতিও ঘোষণা করা হয়। দ্বিতীয় সেশনে একটাও বল গড়ায়নি। প্রসঙ্গত, বৃষ্টির কারণে এই ম্যাচ যদি ভেস্তে যায়, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) পয়েন্টস টেবিলে টিম ইন্ডিয়ার মারাত্মক লোকসান হয়ে যাবে।
যদি ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আয়োজিত গাব্বা টেস্ট ম্যাচ ড্র হয়ে যায়, তাহলে এর প্রভাব হয়ত পয়েন্টস টেবিলে কোনও প্রত্যক্ষ প্রভাব ফেলবে না। কিন্তু, WTC ফাইনালে যাওয়ার পথে টিম ইন্ডিয়ার সামনে বাধা সৃষ্টি করতে পারে। এই পরিস্থিতিতে ক্যাঙারুদের বিরুদ্ধে বাকি দুটো টেস্ট ম্যাচই জিততে হবে ভারতীয় ক্রিকেট দলকে। পাশাপাশি অন্য দলগুলোর ফলাফলের উপরেও নির্ভর করতে হবে। গাব্বা টেস্ট ড্র হয়ে অস্ট্রেলিয়ার জয়ের শতকরা হার ৫৮.৮৯ হবে। অন্যদিকে, ভারতের হবে ৫৫.৮৮। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে টিম ইন্ডিয়াকে আপাতত বাকি তিনটে ম্যাচ জিততেই হবে।
যদি এই গাব্বা টেস্টে অস্ট্রেলিয়াকে ভারতীয় ক্রিকেট দল হারাতে পারে, তাহলে চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে তারা ২-১ ব্যবধানে এগিয়ে যাবে। পাশাপাশি WTC পয়েন্টস টেবিলেও তারা দ্বিতীয় স্থানে উঠে আসতে পারবে। অন্যদিকে অস্ট্রেলিয়া ৫৬.৬৭ জয়ের শতকরা হার নিয়ে তৃতীয় স্থানে নেমে যাবে।
গাব্বা টেস্ট ম্যাচে যদি অজিরা জয়লাভ করে, তাহলে WTC পয়েন্টস টেবিলে তারা দ্বিতীয় স্থানটা শক্ত করে ধরে রাখতে পারবে। সেইসঙ্গে জয়ের শতকরা হারে তারা দক্ষিণ আফ্রিকাকেও স্পর্শ করে ফেলবে। যদিও ভারতের কাছে হেরে গেলে অস্ট্রেলিয়ার টেনশনও অনেকটাই বেড়ে যাবে। কারণ ফাইনালের টিকিট কনফার্ম করার জন্য় তাদেরও অন্য দলের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে।