
খারাপ আলোর কারণে নির্ধারিত সময়েই আগেই শেষ হল তৃতীয় দিনের খেলা
শেষ আপডেট: 16 December 2024 13:26
দ্য ওয়াল ব্যুরো : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের তৃতীয় ম্যাচটি ব্রিসবেনের গাব্বায় আয়োজন করা হয়েছে। কিন্তু, এই ম্যাচে আদৌ কোনও ফলাফল নির্ধারিত হবে কি না, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। যদিও রোহিত শর্মার দল এখনও ব্যাকফুটেই রয়েছে।
এই ম্যাচে টস জিতে রোহিত শর্মা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু, তাঁর সেই সিদ্ধান্ত ইতিমধ্যে বুমেরাং হয়ে গিয়েছে। প্রথম দিন বৃষ্টির কারণে খেলা যে প্রায় হয়নি, তা বলা যেতেই পারে। কিন্তু, দ্বিতীয় দিনে অজি ব্যাটাররা, বলা ভাল ট্রাভিস হেড এবং স্টিভ স্মিথের বিধ্বংসী ব্যাটিংয়ে চুরমার হয়ে গিয়েছিল ভারতের বোলিং ডিপার্টমেন্ট। দিনের শেষে অজিরা ৭ উইকেট হারিয়ে ৪০৫ রান করেছিল।
তৃতীয় দিন অবশ্য বাকি উইকেটগুলো শিকার করতে টিম ইন্ডিয়ার খুব বেশি অসুবিধা হয়নি। প্রথম সেশনেই আসে একের পর এক সাফল্য। অবশেষে ৪৪৫ রানে থামে অস্ট্রেলিয়ার অশ্বমেধ ঘোড়া। ৬ উইকেট শিকার করেছেন জসপ্রীত বুমরাহ। এছাড়া জোড়া উইকেট নেন মহম্মদ সিরাজ। একটি করে উইকেট পেয়েছেন আকাশ দীপ এবং নীতিশ কুমার রেড্ডি।
প্রথম ইনিংসেই বিশাল রানের পাহাড় মাথায় নিয়ে ব্যাট করতে নামে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু, শুরুটা একেবারেই আশানুরূপ হল না। মাত্র ৫১ রানেই টিম ইন্ডিয়া চার উইকেট হারিয়ে ফেলেছে। আর এই আউটের তালিকায় নাম রয়েছে, যশস্বী জয়সওয়াল (৪), শুভমান গিল (১), বিরাট কোহলি (৩) এবং ঋষভ পন্থের (৯)।
এই পরিস্থিতিতে অনেকেই আশঙ্কা করছেন, যদি বৃষ্টির কারণে এই ম্য়াচ ভেস্তে না যায়, তাহলে টিম ইন্ডিয়া চলতি সিরিজে আরও একটা ম্য়াচ হারতে বসেছে। না হারলেও টিম ইন্ডিয়ার যে ফলো অন পরিস্থিতি তৈরি হবে, এমন আশঙ্কাও নেহাতই অমূলক নয়। পাশাপাশি রোহিত শর্মারা এই ম্য়াচটা হেরে গেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনাও কার্যত শেষ হয়ে যাবে। এই অবস্থায় আগামীকাল ওয়েদার কেমন থাকে, সেদিকেই সকলের নজর থাকবে।