
আউট হয়ে গেলেন যশস্বী জয়সওয়াল
শেষ আপডেট: 16 December 2024 07:14
দ্য ওয়াল ব্যুরো : গাব্বা টেস্টে ইতিমধ্যেই বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। শুরুতেই ফিরে গেলেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার যশস্বী জয়সওয়াল। মিচেল স্টার্ক তাঁর উইকেট শিকার করলেন। জয়সওয়ালকে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরতে হল।
ইনিংসে দ্বিতীয় বলেই আউট হলেন যশস্বী। তিনি স্টার্কের বলটা ফ্লিক করতে গিয়েছিলেন। কিন্তু, টাইমিংটা ঠিকঠাক হয়নি। শেষপর্যন্ত ফরোয়ার্ড স্কোয়ার লেগে সহজ ক্যাচ ধরলেন মিচেল মার্শ। আরও একবার সেই স্টার্কের হাতেই বধ হলেন যশস্বী। দ্বিতীয় ওভার শেষে ভারত এক উইকেট হারিয়ে ৬ রান করেছে।
আশা করা হয়েছিল, গাব্বা টেস্ট ম্যাচে রোহিত শর্মা হয়ত টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নামবেন। কিন্তু, তেমন দৃশ্য দেখতে পাওয়া গেল না। যশস্বীর সতীর্থ ওপেনার হিসেবে ব্যাট করতে নেমেছেন কেএল রাহুল। এর আগে অ্যাডিলেড টেস্টে ওপেন করতে নেমে ব্যর্থ হয়েছিলেন রাহুল। এমনকী, মিডল অর্ডারে নেমে রান করতে পারেননি রোহিত শর্মাও। কিন্তু, তা সত্ত্বেও কেন ব্রিসবেনেও সেই রাহুলকে ওপেন করতে পাঠানো হল, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
ইতিমধ্যে তিনি প্রথম বলেই চোট পেয়েছেন। হ্যাজেল উডের গতির সামনে তাঁকে বেশ নড়বড়ে দেখিয়েছে। বলটা সোজা তাঁর বাঁ হাতের গ্লাভসে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাঠে দৌড়ে আসেন ফিজিও। বেশ কিছুক্ষণ শুশ্রূষার পর তিনি ফের ব্যাট করতে নামেন। তবে রাহুলের মধ্যে আত্মবিশ্বাসের যথেষ্ট অভাব দেখতে পাওয়া যাচ্ছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে হলে এই সিরিজের তিনটে ম্যাচই জিততে হবে ভারতকে। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন রোহিতের এই সিদ্ধান্ত হয়ত বুমেরাং হতে পারে। পাঁচ ম্যাচের এই সিরিজ আপাতত ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে।