
বৃষ্টির কারণে প্রথম দিন ভেস্তে গিয়েছে খেলা
শেষ আপডেট: 15 December 2024 05:17
দ্য ওয়াল ব্যুরো : মুষলধারে বৃষ্টির কারণে গাব্বা টেস্টের প্রথমদিন প্রায় খেলা হয়নি বললেই চলে। ১৩.২ ওভারের পরই ম্যাচ বন্ধ করে দিতে হয়। এই পরিস্থিতিতে ম্যাচের দ্বিতীয়দিন আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। আদৌ দ্বিতীয়দিন খেলা হবে তো? না ড্রয়ের দিকেই এগোচ্ছে গাব্বা টেস্ট? আসুন, জেনে নেওয়া যাক রবিবার কেমন থাকবে আকাশের মেজাজ।
অ্যাকুওয়েদার থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, সেই অনুসারে দ্বিতীয়দিনও (১৫ ডিসেম্বর) প্রথম সেশনের আগে ব্যাপক বৃষ্টি হবে। স্থানীয় সময় অনুসারে সকাল ৯টা থেকে বৃষ্টি শুরুর আশঙ্কা করা হচ্ছে। প্রায় ২ ঘণ্টা এই বৃষ্টিপাত চলতে পারে।
এরপর আকাশ যথেষ্ট মেঘলা থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে। ফলে দ্বিতীয় দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কারণে ম্যাচ কয়েকবার বন্ধ করতে হলেও, মোটামুটি খেলা চালিয়ে যাওয়া যাবে। পাশাপাশি, রবিবার ব্রিসবেনের তাপমাত্রা ২৪ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, টিম ইন্ডিয়া এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। রোহিত শর্মা জানান, আকাশে মেঘ এবং উইকেটে ঘাস দেখেই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তৃতীয় টেস্টে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে রবীন্দ্র জাদেজা এবং আকাশ দীপ এন্ট্রি নিয়েছেন। বাদ পড়তে হয়েছে রবিচন্দ্রন অশ্বিন এবং হর্ষিত রানাকে। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া বিনা উইকেটে ২৮ রান করেছে। দ্বিতীয়দিন ভারতীয় বোলাররা কেমন পারফরম্যান্স করেন, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।