
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা
শেষ আপডেট: 15 December 2024 06:20
দ্য ওয়াল ব্যুরো : চলতি বর্ডার-গাভাসকার ট্রফি আপাতত ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে। সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। যদিও ম্যাচের প্রথম দিন বৃষ্টির কারণে খুব বেশি খেলা সম্ভব হয়নি। মাত্র ১৩.২ ওভারই খেলা হয়েছে।
অনেকেই মনে করছেন, এই টেস্ট ম্যাচের প্রথম দিনই একটি মারাত্মক ভুল করেছেন রোহিত শর্মা। আর সেই ভুলের খেসারত দিতে হবে ভারতীয় ক্রিকেট দলকে। টস জিতে রোহিত শর্মা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু, ভারতীয় ক্রিকেট অধিনায়কের এই সিদ্ধান্তে রীতিমতো বিস্মিত অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার ম্যাথিউ হেডেন। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া কোনও উইকেট না হারিয়ে ২৮ রান করেছে।
হেডেনের কথায়, এই উইকেট ব্যাটিংয়ের জন্য যথেষ্ট ভাল। এই পরিস্থিতিতে রোহিতের সিদ্ধান্ত যথেষ্টই চমকপ্রদ। স্টার স্পোর্টসের একটি বৈঠকি আলোচনায় তিনি বললেন, 'টস জিতে রোহিত যে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে, এটা দেখে আমি খানিকটা অবাকই হয়েছি। আমার মনে হয়, বৃষ্টির কথা মাথায় রেখেই রোহিত এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। গত ২ সপ্তাহে এখানে যথেষ্টই বৃষ্টিপাত হয়ে।'
প্রাক্তন এই অজি ব্যাটার মনে করেন, উইকেটের কথা মাথায় রেখে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেই রোহিত বুদ্ধিমানের কাজ করত। প্রথম ২ দিন এই উইকেট যথেষ্ট ব্যাটিং সহায়ক হবে। এরপর উইকেটে ফাটল ধরতে শুরু করবে। সেক্ষেত্রে স্পিন বোলাররা অ্যাডভান্টেজ পেতে পারেন।
গাব্বা টেস্ট ম্যাচ আদৌ ড্র হবে কি না, তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। টেস্টের শেষ ৩ দিন প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। তৃতীয় দিন তো ৬৯ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছেন। চতুর্থদিন সর্বাধিক ৮৪ শতাংশ এবং পঞ্চম তথা শেষদিন ৫৬ শতাংশের বেশি বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মোটের উপর যে গাব্বা টেস্ট বৃষ্টিবিঘ্নিত হতে চলেছে, তা বলাই যায়। তৃতীয় টেস্ট ম্যাচ যদি ড্র হয়ে যায়, তাহলে ভারতের পক্ষে WTC ফাইনালে ওঠার রাস্তাও কঠিন হয়ে যাবে।