
জেনে নিন মেলবোর্ন টেস্টের ওয়েদার আপডেট
শেষ আপডেট: 25 December 2024 23:32
দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। বর্ডার-গাভাসকার সিরিজের চতুর্থ ম্যাচটি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আয়োজন করা হবে। প্রথম তিনটে ম্যাচের মধ্যে দুটো দলই একটা করে ম্যাচ জিতেছে। এই পরিস্থিতিতে যে দল চতুর্থ টেস্ট ম্যাচটা জিততে পারবে, তারা অবশ্যই এই সিরিজে এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে।
গাব্বায় আয়োজিত তৃতীয় টেস্ট ম্যাচ বৃষ্টির চোখরাঙানিতে অনেকটাই নষ্ট হয়েছিল। অনবরত বৃষ্টির কারণে শেষপর্যন্ত এই টেস্ট ম্যাচটা ড্র হয়ে যায়। এই পরিস্থিতিতে চতুর্থ টেস্ট ম্যাচের প্রথম দিন কেমন থাকবে ওয়েদার আপডেট, তা নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকদের কৌতূহল আপাতত তুঙ্গে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে ভারতীয় ক্রিকেট দলকে এই সিরিজের বাকি দুটো ম্যাচ জিততেই হবে। যদি আর একটাও ম্যাচ ড্র হয়, তাহলেই টিম ইন্ডিয়ার বিপদ বেড়ে যাবে। তবে স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে কিন্তু খুব একটা সুখবর শোনা গেল না। বক্সিং ডে টেস্টের প্রথমদিন বরুণদেব তাঁর আশীর্বাদে ধন্য করতে পারেন।
বক্সিং ডে টেস্ট ম্যাচের প্রথম দিন বৃষ্টির কারণে বিঘ্নিত হতে পারে। অ্যাকুওয়েদারের রিপোর্ট থেকে পাওয়া খবর অনুসারে, ম্যাচের প্রথম দিন ২৫ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের একটা সেশন বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে। যদিও বাড়াবাড়ি কিছু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
মোটের উপর, দুই দেশের ক্রিকেট সমর্থকরা তাঁদের প্রিয় তারকাদের লড়াই জমিয়ে উপভোগ করতে পারবেন। গাব্বা টেস্ট ম্যাচে তাঁরা যেমন হতাশ হয়ে পড়েছিলেন, মেলবোর্নে তেমন কোনও সম্ভাবনা নেই বললেই চলে। ম্যাচ শুরু হতে আর মাত্র কয়েকঘণ্টা বাকি। ভোর পাঁচটায় ঘুম থেকে উঠবেন তো?