
কেমন থাকতে পারে প্রথম দিনের ওয়েদার, জেনে নিন
শেষ আপডেট: 14 December 2024 04:59
দ্য ওয়াল ব্যুরো : আর বাকি মাত্র কয়েক মিনিট। তারপরই শুরু হচ্ছে ব্রিসবেন টেস্ট ম্যাচ। তবে এই ম্য়াচে আবহাওয়া দফতর কিন্তু, একেবারে সুখবর দিচ্ছে না। আশঙ্কা করা হচ্ছে, বৃষ্টির কারণে প্রথম দিন ভেস্তেও যেতে পারে।
অ্যাকুওয়েদার থেকে ব্রিসবেনের লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়া গিয়েছে। সেখানে বলা হচ্ছে, ম্য়াচের প্রথমদিনই সবথেকে বেশি বৃষ্টি হবে। শনিবার (১৪ ডিসেম্বর) আনুমানিক ৮৮ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র বৃষ্টিই নয়, সঙ্গে বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতিতে আদৌ কত ওভার খেলার সম্ভাবনা রয়েছে, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
তবে পরবর্তী চারদিন বৃষ্টি কিছুটা হলেও কমবে বলে জানা গিয়েছে। তবে দ্বিতীয়দিন সকালেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেকারণে প্রথম সেশনের খেলা কিছুটা হলেও বিঘ্নিত হতে পারে।
ম্যাচের তৃতীয় এবং পঞ্চমদিন বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বললেই চলে। তবে চতুর্থদিন বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে ভারতীয় ক্রিকেট দলকে বাকি তিনটে ম্য়াচেই জয়লাভ করতে হবে। তবে যে দল ব্রিসবেন টেস্টে জয়লাভ করবে, সিরিজের বাকি দুটো ম্যাচে তারা অবশ্যই অ্যাডভান্টেজ পাবে। পাঁচ ম্য়াচের এই সিরিজ আপাতত ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে। তৃতীয় টেস্টে টিম ইন্ডিয়া কেমন পারফরম্য়ান্স করে, সেদিকেই আপাতত সকলের নজর।