4.jpg)
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা
শেষ আপডেট: 14 December 2024 10:17
দ্য ওয়াল ব্যুরো : বৃষ্টি আপাতত মুষলধারে পড়ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচ কখন শুরু হবে, তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রথম দিনের খেলা অনেকাংশে এই বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। ১৩.২ ওভারে অস্ট্রেলিয়া কোনও উইকেট না হারিয়ে ২৮ রান তুলেছে। দ্বিতীয় সেশন শুরু হওয়ার কোনও লক্ষণ আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গাব্বা টেস্টে টস জিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, রোহিতের এই সিদ্ধান্ত আদৌ সঠিক ছিল? টসে ফের কোনও ভুল করলেন না তো টিম ইন্ডিয়ার অধিনায়ক? এর উত্তরে একটাই কথা বলতে হয় যে এই সিদ্ধান্ত একশো শতাংশ সঠিক ছিল।
একটা ছোট পরিসংখ্যান দিলেই ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। এই গাব্বা স্টেডিয়ামে শেষ সাতটা টেস্ট ম্যাচের মধ্যে যে দল টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে, তারা ৬ ম্যাচেই জয়লাভ করেছে। একমাত্র অস্ট্রেলিয়া গত জানুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে ৮ রানে পরাস্ত হয়েছিল। তাও ২১৬ রান তাড়া করতে নেমে চতুর্থ ইনিংসে অজিরা শেষপর্যন্ত ৮ রান করতে পারেনি।
যদি এই পরিসংখ্যানের ভিত্তিতে রোহিতের সিদ্ধান্ত পর্যালোচনা করা হয়, তাহলে এটাকে কোনওভাবে ভুল বলা যায় না। শনিবার (১৪ ডিসেম্বর) প্যাট কামিন্সও যদি টস জিততেন, তাহলে তিনিও বোধহয় প্রথমে বল করার সিদ্ধান্তই গ্রহণ করতেন। একটা বিষয়ই শুধুমাত্র মনে রাখতে হবে। এখনও মাত্র ১৩.২ ওভারই খেলা হয়েছে। এটা রোহিতের সিদ্ধান্ত ভুল না সঠিক তা বিচার করার সময় নয়। তবে বৃষ্টির কথা মাথায় রেখে রোহিতের সিদ্ধান্ত সঠিক বলা যেতেই পারে।