.jpg)
বৃষ্টিতে অনিশ্চিত প্রথম দিনের বাকি খেলা
শেষ আপডেট: 14 December 2024 10:47
দ্য ওয়াল ব্যুরো : গাব্বা টেস্টের প্রথম দিন আর খেলা হবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতীয় সময় অনুসারে ভোর ৫টা ৫০ মিনিটে এই ম্যাচ শুরু হয়। কিন্তু, বৃষ্টির কারণে খুব বেশি ওভার আয়োজন করা সম্ভব হয়নি। প্রথম সেশনে মাত্র ১৩.২ ওভারই খেলা হয়েছে। ইতিমধ্যে চা-পানের বিরতিও ঘোষণা করা হয়েছে। অর্থাৎ দিনের দ্বিতীয় সেশনে একটাও বল গড়ায়নি। এই পরিস্থিতিতে শনিবার আর খেলা হবে কি না, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রসঙ্গত, এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। মেঘলা আকাশ এবং উইকেটে ঘাস দেখে রোহিতের এই সিদ্ধান্ত যথেষ্ট উপযোগী ছিল। কিন্তু, এই বৃষ্টির কারণে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত একটাও উইকেট শিকার করতে পারেনি। আপাতত উসমান খোওয়াজা ১৯ এবং নাথান ম্যাকসুইনি ৪ রানে ব্যাট করছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত গাব্বা স্টেডিয়ামে এখনও বৃষ্টি পড়ছে। তবে বৃষ্টির গতিবেগ অনেকটাই কমতে শুরু করেছে। কিন্তু, সমস্যা হল বৃষ্টি একেবারে না থামলে ম্যাচ শুরু করা সম্ভব নয়। কিন্তু, আকাশের যা পরিস্থিতি, তাতে যে কোনও মুহূর্তে আবারও মুষলধারে নামতে পারে। তাছাড়া ম্যাচ শুরু হলেও কম আলো একটা বড়সড় ফ্যাক্টর হতে পারে। এই পরিস্থিতিতে আগামী পদক্ষেপ কী গ্রহণ করা হয়, সেটার দিকেই সকলের চোখ রয়েছে।
অ্যাকুওয়েদার থেকে ব্রিসবেনের লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়া গিয়েছে। সেখানে বলা হচ্ছে, ম্যাচের প্রথমদিনই সবথেকে বেশি বৃষ্টি হবে। শনিবার (১৪ ডিসেম্বর) আনুমানিক ৮৮ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র বৃষ্টিই নয়, সঙ্গে বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতিতে আদৌ কত ওভার খেলার সম্ভাবনা রয়েছে, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।