
দেখে নিন, কেমন হবে গাব্বার উইকেট
শেষ আপডেট: 14 December 2024 05:06
দ্য ওয়াল ব্যুরো : চলতি বর্ডার-গাভাসকার ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচটি ব্রিসবেনের গাব্বায় আয়োজন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) অর্থাৎ আজ থেকেই শুরু হচ্ছে ম্যাচ। কিন্তু, তৃতীয় টেস্ট ম্যাচের উইকেট কেমন হবে, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। এই উইকেটে রানের বন্যা দেখতে পাওয়া যাবে না দেখা যাবে বোলারদের আগুন গতি? আসুন, এই ব্যাপারে আলোচনা করে নেওয়া যাক।
ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামের উইকেট বরাবরই বোলিং সহায়ক হয়ে থাকে। এই উইকেট থেকে পেসাররা সবসময় এক্সট্রা অ্যাডভান্টেজ পান। এই উইকেটে গতির পাশাপাশি পর্যাপ্ত বাউন্সও দেখতে পাওয়া যাবে। ফলে ব্যাটাররা যে বেশ খানিকটা অস্বস্তিতে থাকবেন, তা বলাই বাহুল্য।
এই মাঠে এখনও পর্যন্ত মোট ৬৮ টেস্ট ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে যে দল প্রথমে ব্যাট করেছে, তারা ২৬ বার জয়লাভ করেছে। আর যারা পরে ব্যাট করেছে, তারা জিততে পেরেছে ২৭টি ম্যাচ। অন্যদিকে, এই উইকেটে প্রথম ইনিংসে গড়ে ৩২৭ রান উঠেছে।
২০২১ সালে অস্ট্রেলিয়ার দম্ভ চূর্ণ করেছিল ভারত
২০২১ সালে ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট দল দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে ঋষভ পন্থ এবং চেতেশ্বর পূজারা দুর্দান্ত ইনিংস উপহার দেন। আর সেই দৌলতেই ভারত ৩ উইকেটে জয়লাভ করেছিল। ৩২ বছর পর কোনও দল অস্ট্রেলিয়াকে ব্রিসবেনের কঠিন দূর্গে হারাতে পেরেছিল। এবারও টিম ইন্ডিয়া সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে চাইবে।