
টস করতে এলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক জসপ্রীত বুমরাহ
শেষ আপডেট: 22 November 2024 07:43
দ্য ওয়াল ব্যুরো: আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ। এই ম্যাচটি পারথের অপ্টাস স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে ম্যাচের টস হয়ে গিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক জসপ্রীত বুমরাহ।
তিনি বললেন, 'উইকেট দেখে বেশ ভালই মনে হচ্ছে। আশা করছি, ইতিপূর্বে ওয়াকায় ভারতীয় ব্যাটারদের অভিজ্ঞতা বেশ ভাল হয়েছে। ২০১৮ সালে এখানে আমরা টেস্ট ম্যাচ খেলেছিলাম। ফলে উইকেট সম্পর্কে একটা ধারণা রয়েছেই। প্রথম সেশনের এখানকার উইকেটে গতি বেড়ে যায়।'
চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে দুই দেশের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হচ্ছে। ভারতের কাছে এই সিরিজে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে এই সিরিজে টিম ইন্ডিয়ার জয় অত্যন্ত আবশ্যক। অস্ট্রেলিয়াকে অন্তত ৪-০ ব্যবধানে হারাতেই হবে। এই পরিস্থিতিতে টসে জয়, টিম ইন্ডিয়াকে অনেকটাই অ্যাডভান্টেজ দেবে বলে আশা করা যেতে পারে।
যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদত্ত পাডিক্কল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।