
প্যাট কামিন্স এবং জসপ্রীত বুমরাহ
শেষ আপডেট: 21 November 2024 15:34
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২২ নভেম্বর থেকে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম ম্যাচটা পারথের অপ্টাস স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। দুটো দলই এই ম্যাচের জন্য যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে।
অপ্টাস স্টেডিয়ামে টস কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। এই স্টেডিয়ামে যে দল টস জিতেছে, তারা এখনও পর্যন্ত চারটে ম্যাচে জয়লাভ করেছে। এই পরিস্থিতিতে বলা যেতেই পারে, এই মাঠে যে দলই টসে জয়লাভ করে, তাদের হাতে ম্যাচের লাগাম অনেকটাই চলে আসে।
ফলে শুক্রবার (২২ নভেম্বর) যে দল টস জিতবে, তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। অপ্টাস স্টেডিয়ামে এখনও পর্যন্ত প্রথম ইনিংসের গড় স্কোর ৪৫৬ রান। এছাড়া চার ম্যাচের মধ্যে মাত্র একবারই চতুর্থ ইনিংসে ২০০-র বেশি রান উঠেছে। ফলে উইকেটের হাল কী হতে পারে, তা সহজেই অনুমান করা যায়। চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ স্পিনার নাথান লিয়ন সর্বাধিক ১৭ উইকেট শিকার করেছেন। এরমধ্যে ২ বার তিনি এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন।
পারথের উইকেট সাধারণত গতি এবং বাউন্সের জন্য়ই প্রসিদ্ধ। যদিও অপ্টাস স্টেডিয়ামে ড্রপ-ইন পিচ ব্যবহার করা হয়ে থাকে। এটা মাঠের বাইরে তৈরি করা হয়। এরপর মাটি কেটে তা বসিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে উইকেটের চরিত্র কিছুটা হলেও বদলাতে পারে। ওয়াকায় স্পিনাররা ৪৪ ম্যাচে ৪৪-এর গড়ে মোট ২২৯ উইকেট শিকার করেছেন। অন্যদিকে, নতুন পার্থ স্টেডিয়ামে স্পিনাররা ৩৩ ম্যাচে ৩৭ উইকেট শিকার করেছেন।
স্পিনাররা অল্প সুবিধা পেলেও পারথ স্টেডিয়ামে পেসারদের রাজত্বই সচরাচর দেখতে পাওয়া যায়। এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত পেস ব্যাটারিরা ২৯.৭১ গড়ে মোট ১০২ উইকেট শিকার করেছেন। এই উইকেটে দুই দলের অধিনায়কই জোরে বোলারদের ব্যবহার করতে চাইবেন।