
একাই ৪ উইকেট শিকার করলেন জস হ্যাজেলউড
শেষ আপডেট: 22 November 2024 13:02
দ্য ওয়াল ব্যুরো: ভারত বনাম অস্ট্রেলিয়া মধ্যে বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়ে গিয়েছে। এই ম্যাচের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া মাত্র ১৫০ রানে অলআউট হয়ে গেল। ভারতের এমন ব্যাটিং পারফরম্য়ান্স দেখার পর ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে।
পারথে এখনও পর্যন্ত একটাও টেস্ট ম্যাচ হারেনি অস্ট্রেলিয়া। ২০১৮ সালে ভারত যখন শেষবার এই মাঠে খেলতে নেমেছিল, তখনও পরাস্ত হয়েছিল টিম ইন্ডিয়া। এবারও তেমনই ফলাফলের পুনরাবৃত্তি প্রত্যাশা করা হচ্ছে।
টসে জিতে টিম ইন্ডিয়া প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত গ্রহণ করলেও, তা একেবারে কার্যকরী হল না। প্রথম দিনের জোড়া সেশনেই অজি পেসারদের দাপট দেখতে পাওয়া গেল। শুরুটা করেছিলেন স্টার্ক এবং হ্যাজেলউড। কিন্তু, শেষবেলায় জ্বলে উঠলেন প্যাট কামিন্সও। হ্যাজেলউড একাই চারটে উইকেট শিকার করেন। এছাড়া দুটো করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং মিচেল মার্শ।
এদিকে ভারতীয় ব্রিগেডে ঋষভ, নীতীশ কুমার রেড্ডি এবং রাহুল ছাড়া কেউ ব্যাট হাতে লড়াই করতে পারলেন না। অভিষেক ম্যাচে সকলের নজর কেড়ে নিলেন রেড্ডি। ভারতীয় ব্যাটারদের মধ্যে তিনিই সর্বাধিক ৪১ রান করলেন। মার্শের দুটো উইকেট অস্ট্রেলিয়ার কাছে অবশ্যই বোনাস ছিল।
ভারতের ১০ ব্যাটারই ক্যাচ আউট হলেন। টিম ইন্ডিয়া অলআউট হতেই চা-পানের বিরতি ঘোষণা করা হয়। দিনের অন্তিম সেশনে বুমরাহের নেতৃত্বে টিম ইন্ডিয়া আদৌ কামব্যাক করতে পারবে? সেদিকেই আপাতত সকলে তাকিয়ে রয়েছেন।