Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মন্থর উইকেট, লয়েড-চন্দ্রপলের শহরে ফাঁকা গ্যালারি, এটা আদৌ বিশ্বকাপ তো? উঠছে প্রশ্ন

গায়নায় ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাপুয়া নিউ গিনি। অথচ দেখা যাচ্ছে, কার্যত খাঁ খাঁ করছে গায়ানার গ্যালারি। উইকেটে তেমন রান উঠছে না। আইসিসির চড়া টিকিটের দাম নিয়েও প্রশ্ন উঠেছে।

মন্থর উইকেট, লয়েড-চন্দ্রপলের শহরে ফাঁকা গ্যালারি, এটা আদৌ বিশ্বকাপ তো? উঠছে প্রশ্ন

টিভি ক্যামেরায় দেখা যাচ্ছে, কার্যত জনশূন্য ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠের গ্যালারি। রবিবার গায়ানায়। (এক্স হ্যান্ডল থেকে)

শেষ আপডেট: 3 June 2024 12:39

দ্য ওয়াল ব্যুরো: মানিয়ে নিতে একটু সময় লাগবে। একটু নয়, অনেকটাই। আমার আপনার তো বটেই। ভারতের কোচ রাহুল দ্রাবিড় যেমন বলে গেলেন, ওই তালিকায় তিনিও আছেন। রবিবার থেকে শুরু হওয়া আইসিসি টি২০ বিশ্বকাপের বোধন থেকেই মোটামুটিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাঠের মন্থর পিচ ঘিরে চিন্তা শুরু হয়েছে। সদ্য ধুন্ধুমার রানের ফোয়ারা ছড়ানো আইপিএল শেষ হয়েছে। এরপর এরকম স্লো কুড়ি ওভারের খেলা কি লোকে দেখবে? 

টিভি সম্প্রচারের কপালে কী নাচছে সেই প্রশ্ন না হয় পরের কথা। কিন্তু লোকে যে দেখছে না, সেটা গতকাল গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামের মাঠেই স্পষ্ট হয়ে গিয়েছে। শনিবার টেক্সাসের ডালাসে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের ধুন্ধুমার শুরু করেছে দুই প্রতিবেশী দেশ আমেরিকা ও কানাডা। যাদের কস্মিনকালেও কোনও ক্রিকেট ইতিহাস নেই। কিছুদিন আগেই টর্নেডোর হামলা একেবারে ডালাসকে এফোঁড়োফোঁড় করে দিয়েছে। বস্তুত, আক্ষরিক অর্থেই এফোঁড়ওফোঁড় হয়ে গিয়েছিল মাঠের জায়ান্ট স্ক্রিন। অথচ তাতেও হাজারপাঁচেক টেক্সান শনিবারের দুপুরে ভিড় জমিয়েছিলেন মাঠে। নিন্দুকে অবশ্য বলছে, তাঁদের বেশিরভাগই নাকি প্রবাসী ভারতীয়! তাহলেও, মোটের ওপর মুখরক্ষা হয়েছে। বাকিটা পুষিয়ে দিয়েছেন দুই দেশের ক্রিকেটাররা। বিশেষ করে মার্কিন ওপেনার অ্যারন জোন্সের ঝোড়ো ইনিংস! 

অথচ তুলনায় একেবারেই মুখ থুবড়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। গায়নায় ঘরের মাঠে তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাপুয়া নিউ গিনি। প্রশান্ত মহাসাগরের নিউ গিনি দ্বীপের একাংশ নিয়ে গঠিত এই দেশের অনামী দলের বিরুদ্ধে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ দল নামলে ফলাফল নিয়ে কারোরই সন্দেহ থাকা উচিত নয়। অথচ যা খেললেন পাপুয়া নিউ গিনির ক্রিকেটাররা, তাতে একটা সময় মনে হচ্ছিল, ম্যাচ বুঝি বেরিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য টি২০ বিশ্বকাপে সুযোগ পেল পাপুয়া নিউ গিনি। টসে জিতে তাঁদের ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল। মন্থর উইকেটে টুকটুক করে ১৩৬ তোলে পাপুয়া। ৪৩ বলে অর্ধশতরান করেন সেসে বাউ। কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল ৩ ওভার বল করে ২ উইকেট নেন।

এই যদি মাঠের অবস্থা হয়, ততক্ষণে সমাজমাধ্যমে ট্রেন্ড করতে শুরু করেছে মাঠের বাইরে গ্যালারির ছবি। দেখা যাচ্ছে, বিশ্বকাপের বোধন ওয়েস্ট ইন্ডিজে, অথচ কার্যত খাঁ খাঁ করছে গায়ানার গ্যালারি। দেখে মনে হচ্ছে ইডেনে বুঝি সিএবির পি সেন ট্রফি চলছে। খেলছে কালীঘাট আর ভবানীপুর। সমাজমাধ্যমে ক্রিকেটভক্তদের অনেকেই লেখেন, 'এটা কি বিশ্বকাপ?' 'এত ফাঁকা মাঠ?' 'ক্রিকেট ইতিহাস যারা লিখেছিল, সেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দেখতে আজ আর লোক নেই!' অনেকে কিছু সাফাই দেন। বলা হয়, সকালে খেলা পড়েছে বলেই এত কম ভিড়। একটু বিকেল বা রাতে ডে-নাইট ম্যাচ হলেই এই সমস্যা আর থাকবে না। অনেকে দুষছেন আইসিসিকে। প্রবাসীরা বলাবলি করছেন, এমন টিকিটের দাম করেছে আইসিসি, মাঠে যাওয়ার সাধ থাকলেও অনেকে কুলিয়ে উঠতে পারছেন না! 

এমনিতে ওয়েস্ট ইন্ডিজের দেশগুলোর মধ্যে ক্রিকেটের ঐতিহ্যে গায়না বেশ এগিয়ে। অবস্থান দক্ষিণ আমেরিকা মহাদেশের একেবারে চূড়োয়, ভেনেজুয়েলার পাশে। ২০০৭ সালে বিশ্বকাপের জন্য রাজধানী জর্জটাউনের কাছে ঝাঁ চকচকে নতুন এই স্টেডিয়াম বানানো হয়েছিল। তার আগে জর্জটাউনের শতাব্দীপ্রাচীন, ছবির মত সুন্দর, সাজানো জর্জটাউন ক্রিকেট ক্লাবের মাঠ বোর্দাতে টেস্ট খেলা হত। ক্রিকেট ইতিহাসে গায়না যাকে বলে রত্নগর্ভা। এই খুদে একচিলতে দেশ বিশ্ব ক্রিকেটকে উপহার দিয়েছে স্যার ক্লাইভ লয়েড, রোহন কানহাই, রজার হার্পার, রামনরেশ সারওয়ান, শিবনারায়ণ চন্দ্রপল, কার্ল হুপার, কলিন ক্রফটের মত তারকাদের। এমন জায়গায় বিশ্বকাপের ম্যাচ দেখতে ভিড় হবে না? অনেকে বলছেন, যেভাবে সাম্প্রতিক ৫০ ওভারের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতেই ব্যর্থ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ, তাতে উৎসাহে অনেকটাই ভাঁটা পড়েছে।

পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে প্রায় সেরকমটাই হতে যাচ্ছিল কিন্তু। ১৩৬ তাড়া করতে নেমে ৯৭ রানেই ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। পরে অবশ্য রস্টন চেজের অপরাজিত ২৭ বলে ৪২-এর সুবাদে ম্যাচ বের করে নেন ক্যারিবিয়ানরা। আপাতত আইসিসির আশা, বড় দলগুলোর খেলা হলে আর মাঠ ফাঁকা থাকবে না। আজ সোমবারই নিউ ইয়র্কে সেই অর্থে বিশ্বকাপের প্রথম বড় ম্যাচ। শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে হাইনরিখ ক্লাসেন, আইডেন মার্করামদের দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে কেমন ভিড় হয়, বস্তুত তাতেই জনপ্রিয়তার হিসেবটা খানিক বোঝা যাবে। 


```