
আগামী বছর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি
শেষ আপডেট: 25 December 2024 11:50
দ্য ওয়াল ব্যুরো : বহু প্রতীক্ষিত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি অবশেষে ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পাকিস্তানের হাতে থাকলেও, সেটা হাইব্রিড মডেলে আয়োজন করা হবে। যদিও হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট আয়োজন করার ব্যাপারে একেবারে নিমরাজি ছিল পাকিস্তান। কিন্তু, শেষপর্যন্ত আইসিসি-র চাপের মুখে নতিস্বীকার করতে হয়।
যদিও এই ব্যাপারে বিসিসিআই এবং পিসিবি-র মধ্যে একটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, ২০২৭ সাল পর্যন্ত কেউই আইসিসি-র কোনও টুর্নামেন্ট খেলতে একে অপরের দেশে যাবে না। যাবতীয় ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতেই আয়োজন করতে হবে। প্রসঙ্গত, এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেকটা ম্য়াচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে।
এখনও পর্যন্ত এই টুর্নামেন্টের টিকিট বিক্রি শুরু হয়নি। তবে সমর্থকদের জন্য আইসিসি একটি রেজিট্রেশন পোর্টাল চালু করেছে। টিকিট সংক্রান্ত যাবতীয় আপডেটস এখান থেকেই পাওয়া যাবে। পাশাপাশি এই লিঙ্ক ক্লিক করে সমর্থকরাও টিকিটের জন্য় নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবেন। সেক্ষেত্রে নিজেদের নাম, ইমেল, ফোন নম্বর, জন্ম তারিখ, বাসস্থান এবং প্রিয় দলের নাম উল্লেখ করতে হবে। এরপরই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর যখনই টিকিট বিক্রি শুরু হবে, তখনই আপনাদের কাছে প্রয়োজনীয় আপডেট চলে আসবে।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসতে চলেছে। প্রথম ম্য়াচে পাকিস্তান ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে। লিগ পর্যায়ে টিম ইন্ডিয়া মোট তিনটে ম্য়াচ খেলবে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে, ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে এবং ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। এছাড়া নক আউটে টিম ইন্ডিয়া উঠলে আগামী ৪ মার্চ প্রথম সেমিফাইনালে খেলতে হবে। আর এই ম্য়াচটা জিততে পারলে আগামী ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলবেন রোহিত শর্মারা।