
বৃষ্টিতে ভেস্তে গেল বেঙ্গালুরু টেস্টের প্রথম দিন
শেষ আপডেট: 16 October 2024 20:28
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের প্রথম ম্য়াচটা বেঙ্গালুরুতে খেলা হচ্ছে। কিন্তু, টেস্ট ম্যাচের প্রথম দিনই এত বৃষ্টি হয়েছে যে দুই দলের অধিনায়ক টস করতে মাঠে নামতে পারেননি। এই টেস্ট ম্যাচের বাকি চারদিনও বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, চিন্নস্বামী স্টেডিয়ামে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচ বৃষ্টির বলি হতে পারে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে যে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ফলাফল যদি অমীমাংসিত থাকে, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে ভারত? কেমনই বা হবে টিম ইন্ডিয়ার সমীকরণ, আসুন জেনে নেওয়া যাক।
ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচ যদি ড্র হয়ে যায়, তাহলে টিম ইন্ডিয়ার সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রাস্তা কিছুটা হলেও কঠিন হয়ে যাবে। আসলে, বর্তমান WTC সাইকেলে এখনও পর্যন্ত টিম ইন্ডিয়া মোট ১১ ম্যাচ খেলেছে। এরমধ্যে আটটা ম্যাচে জয়লাভ করেছে এবং দুটো ম্যাচ হেরে গিয়েছে। আর একটা ম্যাচ ড্র হয়েছে।
রোহিত ব্রিগেড ৭৪.২৪ শতাংশ নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছে। ভারতের ঠিক পিছনেই রয়েছে অস্ট্রেলিয়া। অজিদের জয়ের শতকরা হার ৬২.৫০ শতাংশ। তিন নম্বরে ৫৫.৫৬ শতাংশ জয় নিয়ে দাঁড়িয়ে রয়েছে শ্রীলঙ্কা। আর চার নম্বরে রয়েছে ইংল্যান্ড। তাদের জয়ের শতকরা হার ৪৫.৫৯ শতাংশ।
এবার রোহিতের সেনাবাহিনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টানা তৃতীয়বার খেলতে নামবে। কিন্তু, সেই যোগ্যতা অর্জনের জন্য ভারতকে আরও চারটে টেস্ট ম্যাচ জিততে হবে। বেঙ্গালুরু টেস্ট বাদ দিলে টিম ইন্ডিয়াকে আরও সাতটা ম্যাচ খেলতে হবে। এরমধ্যে দেশের মাটিতে দুটো নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচটা টেস্ট ম্যাচ খেলতে হবে। রোহিতরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে অন্তত দুটো ম্যাচও জিততে পারত, তাহলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের দুটো ম্যাচ জিতলেই কাজের কাজটা হয়ে যেত। আর চারটে টেস্ট ম্যাচ জিততে পারলেই টিম ইন্ডিয়া WTC ফাইনালের টিকিট কনফার্ম করতে পারবে।
বেঙ্গালুরু টেস্ট ম্যাচ বাদ দিয়ে ভারতীয় ক্রিকেট দল যদি বাকি সাতটা ম্যাচের মধ্যে তিনটেতেও জিততে পারে, তাহলেও তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে। সেক্ষেত্রে রোহিত শর্মাদের বাকি দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে। ভারতের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হবে শ্রীলঙ্কা। কারণ তারা তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। আগামী টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে হবে। তবে প্রোটিয়াদের হারানো শ্রীলঙ্কার পক্ষে খুব একটা সহজ হবে না। অন্যদিকে, পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড যেভাবে পারফরম্যান্স করছে, সেটাও টিম ইন্ডিয়াকে মাথায় রাখতে হবে।