
কলকাতা নাইট রাইডার্স দলের তারকা পেসার হর্ষিত রানা
শেষ আপডেট: 6 September 2024 13:10
দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে, মানুষ ভুল থেকে শিক্ষা গ্রহণ করে। কিন্তু, কলকাতা নাইট রাইডার্সের তারকা পেসার হর্ষিত রানার ক্ষেত্রে এই কথাটা বোধহয় একেবারে খাটে না। আইপিএল টুর্নামেন্টে যে ভুল করে তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কোপে পড়েছিলেন, ২০২৪ দলীপ ট্রফিতেও সেই একই ভুল করলেন তিনি। আবারও হর্ষিত বিসিসিআই-এর শাস্তির কবলে পড়বেন কি না, তা নিয়ে ইতিমধ্যেই সংশয় তৈরি হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ২০২৪ দলীপ ট্রফি। একদিকে ইন্ডিয়া এ বনাম ইন্ডিয়া বি ম্যাচ জোরকদমে চলছে, অন্যদিকে ইন্ডিয়া সি বনাম ইন্ডিয়া ডি। প্রথমদিন অধিকাংশ ব্যাটারই ফ্লপ হয়ে গিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে ভারতীয় ব্যাটারদের এই পারফরম্যান্স যে যথেষ্ট চাপে রাখবে, তা বলা যেতেই পারে।
অন্যদিকে, কিছুটা হলেও স্বস্তিতে রাখবে ভারতীয় বোলারদের পারফরম্যান্স। বিশেষ করে প্রথমদিন পেস বোলার হর্ষিত রানা আলাদা করে নজর কেড়েছেন। তবে উইকেট শিকারের পর তাঁর সেলিব্রেশন ইতিমধ্যেই যথেষ্ট সমালোচনার মুখে পড়েছে।
চলছিল ইন্ডিয়া সি বনাম ইন্ডিয়া ডি-র ম্যাচ। ব্যাট করতে নেমেছিলেন ইন্ডিয়া সি দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। তাঁকে বল করতে আসেন হর্ষিত রানা। হর্ষিতের আগুন গতির সামনে বেশ খানিকটা বেকায়দায় পড়েন ঋতুরাজ। অবশেষে হর্ষিতই তাঁর উইকেট শিকার করেন।
ঋতুরাজ আউট হওয়ার পর হর্ষিত তাঁর দিকে এগিয়ে আসেন এবং ফ্লাইং কিস দেওয়ার ইশারা করেন। এই ঘটনা দেখার পর ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি আবারও বোর্ডের রোষানলে পড়তে চলেছেন হর্ষিত? সেই উত্তর অবশ্য এখনও পাওয়া যায়নি।
২০২৪ আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটার ময়াঙ্ক আগরওয়ালের উইকেট শিকারের পর হর্ষিত তাঁর দিকে ফ্লাইং কিসের ইশারা করেন। এরপর আইপিএল নিয়ম সংহিতার ২.৫ অনুচ্ছেদ অনুসারে হর্ষিতকে দোষী সাব্যস্ত করা হয়। সেকারণে তাঁকে আর্থিক জরিমানা করা হয়। হর্ষিতের এহেন আচরণে বেজায় খেপে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার।
তবে শাস্তি পেলেও শিক্ষা হয়নি হর্ষিত রানার। আইপিএল টুর্নামেন্টে আরও একবার তিনি একই ভুলের পুনরাবৃত্তি করতে গিয়েছিলেন। দিল্লি ক্যাপিটালস দলের উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েলকে আউট করার পর হর্ষিত ডাগ আউটের দিকে ফ্লাইং কিসের ইশারা করেন। এরপর হর্ষিতের ১০০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয় এবং এক ম্যাচের জন্য তাঁকে নির্বাসিত করা হয়।