
হার্দিকের বোলিংয়ের উপর কড়া নজর রাখছেন মর্নি মর্কেল
শেষ আপডেট: 4 October 2024 14:51
দ্য ওয়াল ব্যুরো : টেস্ট সিরিজ আপাতত অতীত। বাংলাদেশের বিরুদ্ধে এবার তিন ম্য়াচের টি-২০ সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। গত ৩ অক্টোবর রাত থেকেই টিম ইন্ডিয়া গোয়ালিয়রে অনুশীলন শুরু করে দিয়েছে। টি-২০ সিরিজ শুরু হওয়ার আগে এটাই টিম ইন্ডিয়ার প্রথম নেট সেশন ছিল। কিন্তু, হার্দিক পান্ডিয়ার বোলিং দেখে একেবারে খুশি হতে পারেননি টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মর্কেল। কী হয়েছে ঘটনাটি, আসুন জেনে নেওয়া যাক।
ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে গোয়ালিয়রে নেট সেশন চলাকালীন হার্দিক পান্ডিয়ার রান আপের উপর কাজ করছিলেন মর্নি মর্কেল। রিপোর্টে বলা হয়েছে, হার্দিকের ছোট রান-আপ দেখার পর মর্নি একেবারে খুশি হতে পারেননি। এই ব্যাপারে তিনি হার্দিকের সঙ্গে আলাদা করে কথাও বলেন। রান আপ ছাড়াও হার্দিকের রিলিজ পয়েন্ট নিয়ে অসন্তুষ্ট মর্নি মর্কেল।
হার্দিকের বোলিং নিয়ে কাজ করার পর আর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব এবং হর্ষিত রানাকে টিপস দেন মর্নি মর্কেল। তাঁদের বোলিংও বেশ অনেকক্ষণ দেখাশোনা করেন। টিম ইন্ডিয়ায় প্রথমবার এন্ট্রি হয়েছে মায়াঙ্ক যাদবের। ২০২৪ আইপিএল টুর্নামেন্টে আগুন গতিতে বিপক্ষ ব্যাটারদের পরাস্ত করেছিলেন তিনি।
বাংলাদেশের বিরুদ্ধে ২ টেস্ট ম্য়াচের সিরিজে ভারতীয় ক্রিকেট দল দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। এই সিরিজে টিম ইন্ডিয়া ২-০ ব্যবধানেই জয়লাভ করে। এই ফর্ম ভারতীয় ক্রিকেটাররা টি-২০ সিরিজেও বজায় রাখতে চাইবেন। আইপিএল টুর্নামেন্টে যে ক্রিকেটাররা ভাল পারফরম্য়ান্স করেছেন, তাঁদের মধ্যে কয়েকজনকে এই সিরিজের স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে।
টিম ইন্ডিয়ার হয়ে শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন হার্দিক পান্ডিয়া। টি-২০ সিরিজে পর ওয়ানডে সিরিজে তিনি আর অংশগ্রহণ করেননি। ব্যক্তিগত কারণে বিশ্রাম চেয়েছিলেন তিনি। ২ মাস পর ফের টিম ইন্ডিয়ায় কামব্যাক করেন হার্দিক। হার্দিকের থেকে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব ভাল পারফরম্য়ান্সের প্রত্যাশা করতেই পারেন।
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জীতেশ শর্মা (উইকেটকিপার), আর্শদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব।