
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ
শেষ আপডেট: 15 January 2025 17:35
দ্য ওয়াল ব্যুরো : অ্যান্ড্রু ফ্লিনটফ। এই নামটা শুনলেই ব্রিটিশ ক্রিকেট দলের সেই উদ্ধত ছেলেটার কথা মনে পড়ে, যিনি যুবরাজ সিংকে ৬ ছক্কা মারার জন্য উসকে দিয়েছিলেন। কিংবা যাঁকে যোগ্য জবাব দেওয়ার জন্যই ২০০২ সালে লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি উড়িয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফ্লিনটফের ক্রিকেট কেরিয়ার যে যথেষ্ট বর্ণময় ছিল, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন তিনি।
জাতীয় ক্রিকেট দল থেকে অবসর গ্রহণের পর অনেক কিছুতেই হাত পাকানোর চেষ্টা করেছিলেন ফ্লিনটফ। ২০১২ সালের ৩০ নভেম্বর ম্যাঞ্চেস্টারে একটি বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তিনি। সেখানে পয়েন্ট ডিসিশনে তিনি মার্কিন বক্সার রিচার্ড ডসনকে পরাস্ত করেন। পাশাপাশি ফ্যাশন দুনিয়াতেও চেষ্টা করেছিলেন ভিত শক্ত করার। এরপর তিনি পা রাখেন অভিনয় জগতে।
২০২২ সালে এই অভিনয়ের কারণেই একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে তাঁকে এয়ারলিফট করে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। সেইবার কোনওক্রমে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছিলেন তিনি।
যাইহোক প্রশ্নটা হচ্ছে, বর্তমানে কী করছেন অ্যান্ড্রু ফ্লিনটফ? ফের ২২ গজেই ফিরে এসেছেন ইংল্যান্ডের এই প্রাক্তন ক্রিকেটার। আপাতত ইংল্যান্ড লায়ন্স দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ২০২৪ সালে তাঁর হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ১৯৯৮ সালে ইংল্যান্ড ক্রিকেট দলে অভিষেক হয়েছিল ফ্লিনটফের। দেশের হয়ে তিনি ৭৯ টেস্ট (৩,৮৪৫ রান এবং ২২৬ উইকেট), ১৪১ ওয়ানডে (৩,৩৯৪ রান এবং ১৬৯ উইকেট) এবং সাতটি টি-২০ ম্যাচ (৭৬ রান এবং ৫ উইকেট) খেলেছেন। এর পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি ১৮৩ ম্যাচে ৯,০২৭ রান করার পাশাপাশি ৩৫০ উইকেট শিকার করেছেন।