শুধু সাফল্যের মুহূর্ত নয়, তুলে ধরা হবে অন্ধকারও। দেখানো হবে কঠিন মুহূর্ত, প্রয়োজনে বিতর্কিত কন্টেন্ট।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 14 August 2025 16:02
দ্য ওয়াল ব্যুরো: শোনাতে চান ক্রিকেটের ‘কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা’। কিন্তু কোনও পডকাস্ট কিংবা ইউটিউব সাক্ষাৎকারে নয়। ইংল্যান্ডের বাঁহাতি পেসার টাইমাল মিলস (Tymal Mills) এবার এমন এক প্ল্যাটফর্মে পা রাখলেন, যার সঙ্গে ক্রিকেটের নামেমাত্র সম্পর্ক নেই। ‘অনলিফ্যানস’ (OnlyFans), যা কিনা বরাবরই প্রাপ্তবয়স্ক কনটেন্টের জন্য পরিচিত, সেখানে যোগ দিচ্ছেন মিলস। উদ্দেশ্য কোনও দুষ্টুমির ভিডিও নয়, ক্রিকেটের অজানা খবরাখবর পেশ করা।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নামা বোলার কিন্তু প্রথমেই স্পষ্ট করে দিয়েছেন, এখানে তাঁর কনটেন্ট হতে চলেছে ‘সেফ ফর ওয়ার্ক’। মিলসের কথায়, ‘জানি, মানুষ কী ভাবতে পারে আর এই প্ল্যাটফর্ম কী জন্য বেশি পরিচিত। কিন্তু আমি ক্রিকেট বিষয়ক কনটেন্ট দেব। মাঝে মাঝে কিছু লাইফস্টাইল ভিডিও-ও থাকবে!’
প্রায় এক বছর আগে থেকেই অনলি-ফ্যানসের সঙ্গে তাঁর আলোচনা শুরু। বেশ লম্বা সময় ধরে প্ল্যাটফর্মটির বিস্তার ও ভাবমূর্তি নিয়ে খবরাখবর নিয়েছেন। মিলসের ভাষায়, ‘প্রথমে কথা শুরু হয়েছিল বছরখানেক আগে। আমি খোঁজ নিয়ে দেখেছি, কথা বলেছি, সব দিক যাচাই করেছি। বুঝিনি, সংস্থাটি এত বড়। তারা ফুটবলে ঢোকার চেষ্টা করছে। প্রিমিয়ার লিগের ফুটবলারদের আনতে চাইছে। সার্ফিং, স্কেটবোর্ডিংয়ের মতো তুলনামূলক ছোট খেলাতেও ভাল সাফল্য পাচ্ছে!’
এখন তাদের নজর দলগত খেলায়। আর ক্রিকেটের দুনিয়ায় প্রথম ‘শিকার’ টাইমাল মিলস। যদিও এতে লজ্জা নয়, কুণ্ঠা নয়। বরং, বেশ শ্লাঘাই অনুভব করছেন ইংরেজ ক্রিকেটার। তাঁর গর্বিত ঘোষণা, ‘এই মুহূর্তে খুবই উচ্ছ্বসিত। আমি সাহসী হতে চাই!’
দীর্ঘ ফ্র্যাঞ্চাইজি অভিজ্ঞতা থাকা মিলস কেরিয়ারের শেষ পর্বে এসে এমন বিতর্কিত প্ল্যাটফর্মে অন্য ধাঁচের কাজ করতে চান। তাঁর লক্ষ্য—দর্শকদের ক্রিকেটের অন্দরমহলের এমন ছবি দেওয়া, যা এতদিন সাধারণের কাছে পৌঁছয়নি। মাঠের বাইরেও সেভাবে দেখা যায়নি। তাই মিলসের উদ্দেশ্য খুব স্পষ্ট। তাঁর কথায়, ‘বলার মতো অনেক কিছু আছে। ক্রিকেট নিয়ে কথা বলতে চাই, নিজের দিক থেকে কিছুটা খোলামেলা হতে চাই, যা চলছে মনের ভেতরে, তা তুলে ধরতে চাই। দর্শকরা টিভিতে বা মাঠে খেলা দেখেন। কিন্তু আসলে মাথার ভেতরে কী চলছে তা সামনে আসে না!’
কীভাবে বাইশ গজের অদেখা দিক তুলে ধরবেন? সোশ্যাল মিডিয়ায় সাধারণত চমকপ্রদ মুহূর্ত ছড়িয়ে পড়ে। কিন্তু মিলসের দাবি, তিনি দেখাতে চান উল্টোপিঠও। বলেছেন, ‘ভিডিও ক্লিপ ব্যবহার করব। যেখানে বলা হবে, কোন সময়ে কী ভাবছি—ভালো দিন, খারাপ দিন দুটোই। ট্রেনিং ফুটেজ দেব, দেখাব কী উন্নতি করতে চাই, কেন চাই!’
শুধু সাফল্যের মুহূর্ত নয়, তুলে ধরা হবে অন্ধকারও। দেখানো হবে কঠিন মুহূর্ত, প্রয়োজনে বিতর্কিত কন্টেন্ট। বলেছেন, ‘খেলার খারাপ দিক নিয়ে কথা বলব। সোশ্যাল মিডিয়ায় ভাল সময় দেখা যায়—হাইলাইটস, ছক্কা, চার, উইকেট। কিন্তু যখন মার খাচ্ছি বা দল থেকে বাদ পড়ছি—সেগুলো তো সমাজমাধ্যমে উঠে আসে না। কারণ সেটা নিজের প্রচারের পক্ষে ভাল নয়। আমি যতটা সম্ভব খোলামেলাভাবে দুই দিকই দেখাতে চাই!’
ক্রিকেটে যে কেবল ‘গ্ল্যামার শট’ নয়। পর্দার আড়ালে লুকিয়ে থাকে ঘাম, হতাশা আর মানসিক লড়াই। টাইমাল মিলস সেই সত্যিই শেয়ার করতে চলেছেন, এমন এক প্ল্যাটফর্মে, যেখানে আগে কখনও কোনও ক্রিকেটারের নাম ওঠেনি।
বাউন্সার ঠিক আছে। কিন্তু পিচ কতটা প্রস্তুত? উদ্দেশ্য মহৎ। কিন্তু প্লাটফর্ম কতখানি তৈরি?