“তুই যে ভাবে বল করিস সেই ভাবেই কর।” এরপরই অবশ্য আকাশকে সরিয়ে নেন টিম ইন্ডিয়া ক্যাপ্টেন।

শুভমান গিল ও আকাশ দীপ
শেষ আপডেট: 4 August 2025 15:59
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড-ভারত চলতি সিরিজের পঞ্চম টেস্টের (England vs India Fifth Test) চতুর্থ দিনে হ্যারি ব্রুক তখন ১৯ রানে দাঁড়িয়ে। প্রসিদ্ধ কৃষ্ণার বল তাঁর ব্যাটের টপ এজে লেগে উড়ে যায় বাউন্ডারির দিকে। সেই বল মহম্মদ সিরাজ তালুবন্দি করলেও তাঁর পা স্পর্শ করে বাউন্ডারি রোপ। জীবন ফিরে পান ব্রুক। এরপরই তিনি শুরু করেন তাণ্ডবলীলা। ভারতীয় বোলারদের তিনি টি-টোয়েন্টি সুলভ মেজাজে খেলতে শুরু করেন।
প্রথম ইনিংসে ৫৩ রান করেছিলেন ব্রুক। এরপর দ্বিতীয় ইনিংসে করেন ১১১ রান। যার জেরে ভারতের হাত থেকে ম্যাচ অনেকটাই বেরিয়ে যায়। ব্রুক যখন ভারতীয় বোলারদের নিধন যজ্ঞে ব্যস্ত তখন অনেকটাই হতাশ লাগছিল টিম ইন্ডিয়া অধিনায়ক শুভমান গিলকে (Shubman Gill)।
ব্রুকের ব্যাটিং দেখে গিল স্লিপ থেকে বেশ কিছু ফিল্ডার সরিয়ে রক্ষণাত্মক ফিল্ডিং সাজান। সেই সময় বল করছিলেন আকাশ দীপ (Akash Deep)। কিন্তু নিজের স্বাভাবিক লাইন ও লেংথ অনুযায়ী তিনি বল করতে পারছিলেন না। সেই সময় গিল বলে ওঠেন, “ডাল না জ্যায়সে ডালতা হ্যায়।” অর্থাৎ গিল বলতে চেয়েছিলেন, “তুই যে ভাবে বল করিস সেই ভাবেই কর।” এরপরই অবশ্য আকাশকে সরিয়ে নেন টিম ইন্ডিয়া ক্যাপ্টেন।
আকাশকে নিয়ে গিলের আরও একটি মুহূর্ত ভাইরাল হয়েছে। যেখানে গিলকে বলতে শোনা গিয়েছে, “তুই কি ইঞ্জেকশন নিয়েছিলি?” আসলে চতুর্থ দিনের প্রথম সেশনে চোট পেয়েছিলেন আকাশ। হ্যারি ব্রুকের একটি সরাসরি ড্রাইভ বোলার আকাশ দীপের ডান পায়ে লাগে। বলটি এত দ্রুত এসে তাঁর পায়ে আঘাত করে যে, তিনি মাটিতে পড়ে গিয়ে ব্যথায় কাতরাতে থাকেন। লাঞ্চের পর আকাশ যখন বল করতে আসেন, তখন তাঁকে গিল জিজ্ঞেস করেন, তিনি ব্যথা কমানোর ইঞ্জেকশন নিয়েছেন কি না। তবে জানা গিয়েছে, আকাশ সুস্থ রয়েছেন এবং পঞ্চম দিনে বলও করতে পারবেন।