ডাকেট-ক্রলি জুটি যে মেজাজে ব্যাট করছেন, তাতে ভারতকে একমাত্র বাঁচাতে পারে বৃষ্টি অথবা জসপ্রীত বুমরাহর কোনও ম্যাজিক স্পেল। লাঞ্চের আগে ৯৩ বলে ৪২ রান করেছেন ক্রলি আর ডাকেট ৯০ বলে করেছেন ৬৫ রান।

বেন ডাকেট
শেষ আপডেট: 24 June 2025 18:27
দ্য ওয়াল ব্যুরো: হেডিংলেতে ইংল্যান্ড-ভারত প্রথম টেস্টের (England vs India, Headingley Test) আজ পঞ্চম তথা শেষ দিন। আর দিন শুরু থেকেই ‘বাজবল অ্যাকশন’ শুরু হয়ে গিয়েছে। পুরোপুরি রুদ্র মেজাজে ব্যাট করছেন ইংল্যান্ডের দুই ওপেনার। ৩০ ওভারে ১১৭ রান তুলে লাঞ্চ করতে গিয়েছেন দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ৬০ ওভারে আর ২৫৫ রান করতে হবে ম্যাকমিলানের ছাত্রদের। হাতে রয়েছে দশ-দশটি উইকেট।
শেষ দিনে ৩৫০-এর বেশি রান তাড়া করে আগেও ভারতের বিরুদ্ধে জিতেছে ইংল্যান্ড। পাশাপাশি ডাকেট-ক্রলি জুটি যে মেজাজে ব্যাট করছেন, তাতে ভারতকে একমাত্র বাঁচাতে পারে বৃষ্টি অথবা জসপ্রীত বুমরাহর কোনও ম্যাজিক স্পেল। লাঞ্চের আগে ৯৩ বলে ৪২ রান করেছেন ক্রলি আর ডাকেট ৯০ বলে করেছেন ৬৫ রান।
ভারতের কোনও বোলারই এদিন নিস্তার পাননি ইংল্যান্ডের ওপেনারদের থেকে। উইকেট না পেলেও কিছুটা রান আটকাতে পেরেছেন বুমরাহ। প্রসিদ্ধ কৃষ্ণা দিয়েছেন ওভার প্রতি ছয় রানের বেশি। আর শার্দূল ঠাকুর তিন ওভারে দিয়েছেন ১৭ রান।
চতুর্থ দিন পর্যন্ত ম্যাচ পেন্ডুলামের মতো ঘুরলেও পঞ্চম দিনের প্রথম সেশনের পর এটা পরিষ্কার যে, অ্যাডভানটেজ ইংল্যান্ড। অলৌকিক কিছু না হলে এই টেস্টে হার বাঁচানো অসম্ভব শুভমান ব্রিগেডের।
এদিকে, হেডিংলিতে ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচের শেষ দিনে উভয় দলের খেলোয়াড়রা মাঠে নেমেছেন কালো ব্যান্ড পরে। এই ম্যাচে তৃতীয়বারের মতো খেলোয়াড়রা তাঁদের হাতে কালো ব্যান্ড বেঁধেছেন। ম্যাচের প্রথম এবং তৃতীয় দিনেও এটি ঘটেছে।
মঙ্গলবার ম্যাচের শেষ দিনে, খেলা শুরুর আগে উভয় দলই মাঠে নেমে নীরবতাও পালন করে। এই সময় উভয় দলের খেলোয়াড়দের হাতে কালো ফিতা বাঁধা দেখা যায়। এর কারণ হল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দিলীপ দোশীর মৃত্যু।
দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাসকারী দিলীপ সোমবার রাতে মারা যান। তাঁকে শ্রদ্ধা জানাতে, আজ উভয় দলের খেলোয়াড়রা হাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন। পাশাপাশি পঞ্চম দিন শুরু হওয়ার আগে উভয় দলই এক মিনিট নীরবতা পালন করেছে।