আইসিসির বক্তব্য, এই বিশ্বকাপে শুধু ম্যাচের ফল নয়—অভিজ্ঞ কণ্ঠ, নতুন বিশ্লেষণ আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে দর্শকদের জন্য সম্পূর্ণ অভিজ্ঞতা তৈরি করাই আসল লক্ষ্য।

নাসের হুসেন
শেষ আপডেট: 6 February 2026 14:02
দ্য ওয়াল ব্যুরো: মাঠে নামার আগেই উত্তাপ। একদিকে বয়কট-বিতর্ক, অন্যদিকে সম্প্রচার ঘিরে আলোচনা। আইসিসি (International Cricket Council) ঘোষিত টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) কমেন্ট্রি প্যানেল প্রকাশ্যে আসতে ফের আলোচনা আর কৌতূহল। দেখা গেল, সমালোচনার মধ্যেও অভিজ্ঞতার উপর ভরসা রেখেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ঠাঁই পেয়েছেন নাসের হুসেন (Nasser Hussain)। সঙ্গে রয়েছেন পরিচিত, পরীক্ষিত বহু কণ্ঠ—যাঁদের ধারাবিবরণীতে বিশ্বকাপের গল্প সরাসরি পৌঁছবে কয়েক কোটি দর্শকের ঘরে।
অভিজ্ঞতার ভরসায় আইসিসি
টি-২০ বিশ্বকাপ শুরুর ঠিক আগে আইসিসি যে ‘ডায়নামিক’ কমেন্ট্রি প্যানেল ঘোষণা করেছে, সেখানে অভিজ্ঞতার ছাপ স্পষ্ট। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেনের (Nasser Hussain) পাশাপাশি রয়েছেন ভারতের প্রাক্তন কোচ ও অলরাউন্ডার রবি শাস্ত্রী (Ravi Shastri), ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার ইয়ান বিশপ (Ian Bishop) এবং নিউজিল্যান্ডের আইকনিক কণ্ঠ ইয়ান স্মিথ (Ian Smith)। এ ছাড়া লিস্টে বড় মুখ অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch), যিনি ২০২১ সালে দেশকে টি-২০ বিশ্বকাপ জিতিয়েছিলেন। আইসিসির বার্তা স্পষ্ট—হাইভোল্টেজ টুর্নামেন্ট মানেই পরিচিত কণ্ঠ, যাঁরা চাপের মুহূর্তে ম্যাচের আবহ ঠিকভাবে তুলে ধরতে দড়। যদিও এই সূত্রে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে, নতুন কণ্ঠকেও কি যথেষ্ট সুযোগ দেওয়া হচ্ছে?
পরিচিত মুখের ভিড়ে নতুন সংযোজন
এই বিশ্বকাপে ধারাভাষ্য দিতে শোনা যাবে একঝাঁক জনপ্রিয় তারকাকে। তাঁদের অনেকে এখনও ময়দান থেকে অবসর নেননি। একদিকে প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের ইয়ন মর্গ্যান (Eoin Morgan), পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আক্রম (Wasim Akram) ও ওয়াকার ইউনিস (Waqar Younis), ভারতের সুনীল গাভাসকর (Sunil Gavaskar) ও দীনেশ কার্তিক (Dinesh Karthik), শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (Kumar Sangakkara)। এর পাশাপাশি আকর্ষণ বাড়িয়েছে দু’টি নতুন সংযোজন। দক্ষিণ আফ্রিকার বর্তমান টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma) এবং শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস (Angelo Mathews) এই প্রথম টিভি কমেন্ট্রিতে নাম লেখাচ্ছেন। আইসিসির মতে, দর্শকদের কাছে আলাদা মাত্রা যোগ করবে বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের দৃষ্টিভঙ্গি। তাই এই সংযোজন।
ভারত ও শ্রীলঙ্কা সম্প্রচার এরিয়ায় থাকছেন হর্ষ ভোগলে (Harsha Bhogle), ড্যানি মরিসন (Danny Morrison), অ্যালান উইলকিন্সের (Alan Wilkins) মতো কণ্ঠ, যাঁরা উপমহাদেশের দর্শকদের কাছে চিরচেনা, বিশ্বস্ত৷
শুধু কণ্ঠ নয়, বদল আসছে প্রযুক্তিতেও
কমেন্ট্রির পাশাপাশি সম্প্রচারে প্রযুক্তির ব্যবহারে বাড়তি জোর দিচ্ছে আইসিসি। পুরো টুর্নামেন্টে থাকবে সম্পূর্ণ ডিআরএস (DRS), অফ-ব্যাট ট্র্যাকিং, বল ট্র্যাকিং ও এজ ডিটেকশন। গ্রাফিক্স ব্যবস্থাপনায় রয়েছে ডব্লিউটিভিশন (WTVision), ডেটা অ্যানালিটিক্সে ক্রিকভিজ (CricViz)। মাঠের কৌশল বোঝাতে ব্যবহার করা হবে ফিল্ড ৩৬০° (Field 360°) প্রযুক্তি, যা দর্শকদের সামনে লাইভ ম্যাচের ট্যাকটিক্যাল ছবি পরিষ্কার করবে। আইসিসির বক্তব্য, এই বিশ্বকাপে শুধু ম্যাচের ফল নয়—অভিজ্ঞ কণ্ঠ, নতুন বিশ্লেষণ আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে দর্শকদের জন্য সম্পূর্ণ অভিজ্ঞতা তৈরি করাই আসল লক্ষ্য।