
আগামী বছর ফেব্রুয়ারি মাসে আয়োজন করা হবে চ্যাম্পিয়ন্স,ট্রফি
শেষ আপডেট: 21 December 2024 17:00
দ্য ওয়াল ব্যুরো : আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পাকিস্তানের উপর পড়েছে। যদিও টিম ইন্ডিয়া ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে তারা এই টুর্নামেন্ট খেলতে পাকিস্তান যাবে না। এই বিষয়টি নিয়ে বেশ কয়েকমাস পাকিস্তান ক্রিকেট বোর্ড জলঘোলা করেছে। প্রাথমিকভাবে তারা হাইব্রিড মডেলের প্রস্তাবে সায় দেয়নি। যদিও পরবর্তীকালে আইসিসি-র কথায় তারা সেই প্রস্তাব মেনে নেয়।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রত্যেকটা ম্যাচ দুবাইয়ে আয়োজন করা হবে। ইতিমধ্যে এই টুর্নামেন্ট নিয়ে পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার বিতর্কিত মন্তব্য করলেন।
'বর্ডারে তৈরি হোক স্টেডিয়াম'
আসলে, আইসিসি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে বিসিসিআই এবং পিসিবি-র মধ্যে এখনও ঠাণ্ডা যুদ্ধ অব্যাহত রয়েছে। প্রথমে ভারত জানিয়ে দিয়েছিল যে তারা পাকিস্তানের মাটিতে পা রাখবে না। ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেটের পক্ষ থেকেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভারতে আয়োজিত কোনও আইসিসি টুর্নামেন্ট তারা ২০২৭ সাল পর্যন্ত খেলতে আসবে না।
Ahmad Shahzad said, "I suggested the idea of building a stadium at the border. One gate would be towards India, the other gate would be towards Pakistan. The players would come from their respective gates and play". pic.twitter.com/z7dkH5bjDS
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 21, 2024
এই বিতর্কের আঁচেই আরও খানিকটা ঘৃতাহুতি করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আহমেদ শাহজাদ। তিনি বলেছেন, 'আমি পরামর্শ দিয়েছি, দুই দেশের সীমান্তের মাঝখানে যেন একটি স্টেডিয়াম তৈরি করা হয়। এই স্টেডিয়ামের একটা দরজা ভারতের দিকে থাকবে, এবং অন্যটা পাকিস্তানের দিকে। দুই দেশের ক্রিকেটাররা নিজেদের দেশের দরজা দিয়ে মাঠে প্রবেশ করবেন। খেলবেন এবং চলেও যাবেন।' এমন মন্তব্যের পর শাহজাদ ইতিমধ্যে বিস্তর ট্রোলিংয়ের শিকার হয়েছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসি সম্প্রতি একটি বৈঠকের আয়োজন করেছিল। সেই বৈঠকে আইসিসি-র পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত ভারত এবং পাকিস্তানের মধ্যে যাবতীয় ম্যাচ হাইব্রিড মডেলে আয়োজন করা হবে। অর্থাৎ, কোনও আইসিসি টুর্নামেন্টে এই দুই দলের মধ্যে ম্যাচ আয়োজন করা হলে, তা নিরপেক্ষ ভেন্যুতে খেলা হবে। তবে এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ করতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। গোটা ক্রিকেট বিশ্ব এই সূচির জন্য অপেক্ষা করছে।