
টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার চেতেশ্বর পূজারা
শেষ আপডেট: 21 November 2024 17:20
দ্য ওয়াল ব্যুরো : বর্ডার-গাভাসকার ট্রফির জন্য ভারতীয় ক্রিকেট দলের স্কোয়াড যখন থেকে ঘোষণা করা হয়েছে, তখন থেকেই সমর্থকদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে যে চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের কেন এই দল থেকে বাদ দেওয়া হল। গত তিনবার অস্ট্রেলিয়া সফরে এই দুই ক্রিকেটার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।
তবে চেতেশ্বর পূজারার অবদান একেবারে নজরকাড়া ছিল। ২০১৮-১৯ মরশুমে তাঁর ব্যাটে তিনটে সেঞ্চুরির গর্জন শুনতে পাওয়া যায়। তিনি মোট ৫২১ রান করেছিলেন। এবার পূজারাকে টিম ইন্ডিয়ার স্কোয়াডে রাখা হয়নি। তবে এই সিরিজে তাঁকে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখতে পাওয়া যাবে।
শুক্রবার থেকে শুরু হওয়া পারথ টেস্ট ম্যাচের আগে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কেমন হবে, তা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে দলের তিন নম্বর জায়গায় কে ব্যাট করতে আসবেন, তা নিয়েও শুরু হয়েছে কথাবার্তা। এই ব্যাপারে পূজারা নিজের মতামত প্রকাশ করলেন।
প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি কেএল রাহুলের নাম উল্লেখ করেন। তাঁর কথায়, আন্তর্জাতিক ক্রিকেটে রাহুলের অভিজ্ঞতা কাজে লাগবে। রাহুলের মধ্যে কঠিন সময়ে চাপ নেওয়ার যথেষ্ট ক্ষমতা রয়েছে। আর সেকারণে তিনি রাহুলকে তিন নম্বরে দেখতে চান।
পূজারা বললেন, 'টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার কেমন হতে পারে, তা নিয়ে আমার কোনও ধারণাই নেই। কিন্তু, দলের তিন নম্বর জায়গায় আমি অবশ্যই কেএল রাহুলকে দেখতে চাইব। কারণ, রাহুলের মধ্যে কঠিন সময়ে চাপ নেওয়ার যথেষ্ট ক্ষমতা রয়েছে।'
পাশাপাশি দেবদত্ত পাডিক্কলকেও পূজারা সম্ভাব্য বিকল্প হিসেবে পছন্দের তালিকায় রাখলেন। তাঁর কথায়, ডানহাতি এবং বাঁ-হাতি ব্যাটারের একটা কম্বিনেশন তৈরি হতে পারে। ক্রিকেটে এমন কম্বিনেশন অনেকক্ষেত্রেই ফারাক গড়ে দেয়। বোলারদের ছন্দ ভাঙতেও সাহায্য করে।