
অশান্ত পাকিস্তান থেকে সরতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর
শেষ আপডেট: 27 November 2024 16:20
দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর এবার পাকিস্তানে বসতে চলেছে। কিন্তু, এই টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা পাকিস্তান। ভারতীয় ক্রিকেট দলের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা পাকিস্তানে এই টুর্নামেন্ট খেলতে যাবে না। অন্যদিকে, এই বিক্ষোভ চলাকালীন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে ইতিমধ্যে পাকিস্তান সেনার খণ্ডযুদ্ধও শুরু হয়েছে।
অন্যদিকে, শ্রীলঙ্কা এ ক্রিকেট দল আপাতত পাকিস্তান সফরে গিয়েছে। পাকিস্তান শাহিন এবং শ্রীলঙ্কা এ দলের মধ্যে তিন ম্যাচের একটি সিরিদ আয়োজন করা হয়েছে। বিক্ষোভ প্রদর্শনের পর ইতিমধ্যে সিরিজের দুটো ম্য়াচ বাতিল করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, এমন অগ্নিগর্ভ পরিস্থিতিতে আদৌ আইসিসি পাকিস্তানে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার সাহস দেখাবে? ক্রমশ ধোঁয়াশা বাড়ছে।
আগামী বছর আয়োজিত ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড শুরু করে দিয়েছে। একদিকে ভারত যেখানে নিরাপত্তার কারণে পাকিস্তানে পা রাখতে অস্বীকার করেছে, অন্যদিকে টিম ইন্ডিয়াকে নিজেদের দেশে নিয়ে যেতে অনড় পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আইসিসি ইতিমধ্যে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু, পাকিস্তান জানিয়ে দেয় যে তারা সেইপথে হাঁটবে না।
অন্যদিকে, বিসিসিআই এবং পিসিবির মধ্যে এই দড়ি টানাটানি দেখে আইসিসি এখনও পর্যন্ত টুর্নামেন্টের সূচি জারি করতে পারছে না। তবে এই বিক্ষোভ প্রদর্শনের পর সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের একাধিক রিঅ্যাকশন আসতে শুরু করেছে।
এদিকে আবার পাকিস্তানও আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফি হাতছাড়া হওয়ার ভয়ে রীতিমতো কাঁপছে। পাকিস্তানের সামাজিক পরিস্থিতির যদি এভাবেই অবনতি হতে থাকে, তাহলে আইসিসি চোখ বন্ধ করে টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব কেড়ে নিতে পারে। সেক্ষেত্রে বড়সড় ধাক্কা খেতে পারে পাকিস্তান।