
বিরাট কোহলি এবং বাবর আজম
শেষ আপডেট: 24 December 2024 19:28
দ্য ওয়াল ব্যুরো : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) মঙ্গলবার অর্থাৎ ২৪ ডিসেম্বর আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। পাকিস্তানের চারটে ভেন্যু ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহীতে এই ম্যাচ আয়োজন করা হবে। ৫০ ওভারের এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। ২০১৭ সালের পর এই প্রথমবার আবারও পাকিস্তানে এই টুর্নামেন্ট ফিরে এসেছে। যদিও ভারতের প্রত্যেকটা ম্যাচ দুবাইয়ে আয়োজন করা হবে।
এই টুর্নামেন্টের হাইব্রিড মডেল নিয়ে ইতিমধ্যে বিস্তর জলঘোলা হয়েছে। একাধিক আলোচনার পর আইসিসি, পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) হাইব্রিড মডেল নিয়ে সহমত পোষন করেছে। ভারতের প্রত্যেকটা ম্যাচই দুবাইয়ে আয়োজন করা হবে। এছাড়া বাকি ম্যাচগুলো করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে আয়োজন করা হবে।
প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচটি লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আয়োজন করা হবে। যদি না ভারত ফাইনালে উঠতে পারে। তবে আটটি দলের মধ্যে আয়োজিত এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দল যদি অন্তিম লড়াইয়ে নাম লেখায়, সেক্ষেত্রে ফাইনাল ম্যাচ আগামী ৯ মার্চ দুবাইয়ে আয়োজন করা হবে।
এছাড়া ভারত যদি নক আউট পর্যায়ে উঠতে পারে, সেক্ষেত্রে প্রথম সেমিফাইনাল ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই আয়োজন করা হবে। সেকথা মাথায় রেখে ইতিমধ্যেই প্রথম সেমিফাইনাল ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীতে রাখা হয়েছে। অন্য়দিকে, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের যোগ্যতা যদি পাকিস্তান অর্জন করতে পারে, সেক্ষেত্রে তারা লাহোরে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে।
উল্লেখ্য, টিম ইন্ডিয়া প্রথম সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে না পারলেও ম্যাচটা দুবাইয়েও আয়োজন করা হবে।