
জয়সওয়ালের লড়াকু ইনিংসও বাঁচাতে পারল না ভারতকে
শেষ আপডেট: 26 October 2024 14:53
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্ট ম্য়াচে ৮ উইকেটে পরাজয়ের পর অনেকেই আশা করেছিলেন ভারতীয় ক্রিকেট দল হয়ত দ্বিতীয় টেস্ট ম্য়াচে কামব্যাক করতে পারবে। কিন্তু, সেই সাধ পূরণ হল না। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়া ১১৩ রানে পরাস্ত হয়েছে।
গত ১৬ বছরে টিম ইন্ডিয়া টেস্ট ক্রিকেটে ২৮০ রানের বেশি তাড়া করে জয় করতে পারেনি। ফলে এই টেস্ট ম্য়াচও যে হাতছাড়া হতে চলেছে, তার আগাম আঁচ পাওয়া গিয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্য়াচটা আগামী ১ নভেম্বর থেকে মুম্বইয়ে শুরু হতে চলেছে।
ভারত বনাম নিউজিল্যান্ডের এই লড়াই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। টিম ইন্ডিয়াকে যদি ফাইনাল খেলতে হয়, তাহলে সাতটি ম্য়াচের মধ্যে কমপক্ষে চারটে ম্যাচ টিম ইন্ডিয়াকে জিততেই হত। এরমধ্যে ছিল পুনে টেস্ট ম্য়াচও।
এই পরিস্থিতিতে পুনে টেস্ট ম্যাচ হারার পর ভারতের হাতে আর ৬ ম্যাচ বাকি থাকবে। এরমধ্যে জিততে হবে কমপক্ষে চারটে ম্য়াচ। কাজটা যে একেবারে সহজ হবে না, তা বলাই বাহুল্য। কারণ, টিম ইন্ডিয়া এরপর অস্ট্রেলিয়া সফরে যাবে। ভারত যদি চারটে টেস্ট ম্য়াচ জিততে না পারে, তাহলে অন্য দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে।
ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আগামী নভেম্বর মাস থেকে পাঁচ ম্য়াচেক টেস্ট সিরিজ আয়োজন করা হচ্ছে। এই বর্ডার-গাভাসকার ট্রফিতে টিম ইন্ডিয়াকে কমপক্ষে তিনটে ম্য়াচ জিততেই হবে। পাশাপাশি অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্ট ম্য়াচেও জিততে হবে রোহিতদের।
ভারতীয় ক্রিকেট দল যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ হেরে গেল, তারফলে কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে ফায়দা লুটল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে পাঁচটা ম্য়াচ খেলতে হবে। তারমধ্যে চারটেই নিজেদের দেশে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে। এই দুটো সিরিজই দক্ষিণ আফ্রিকা জিতবে বলে আশা করা যেতে পারে। আপাতত বাংলাদেশ সফরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ২ ম্যাচের সিরিজে তারা ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।