এই সপ্তাহে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে ঋষভের ডান পায়ের অবস্থা পরীক্ষা করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে, ১০ অক্টোবরের মধ্যে তাঁকে খেলার অনুমতি দেওয়া হতে পারে।

ঋষভ পন্থ
শেষ আপডেট: 7 October 2025 11:59
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant) তাঁর চোট (Injury) সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছেন এবং তিনি দ্রুতই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন। এমনটাই জানা গিয়েছে বিসিসিআই সূত্রে। সেই সঙ্গে জানা গিয়েছে, ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক ঋষভ অক্টোবরের শেষ সপ্তাহে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) দিল্লির হয়ে খেলতে পারেন।
ইংল্যান্ড সফরের সময় বাঁহাতি এই ব্যাটার গুরুতর চোট পেয়েছিলেন। ব্যাট করার সময় তাঁর ডান পায়ের পাতায় বল এসে লাগার পর মেটাটারসেল হাড় ভেঙে যায়। সেই অবস্থায় তিনি পরের দিনও ব্যাট করতে নেমে অর্ধশতক হাঁকান, যার ফলে তাঁর চোট আরও গুরুতর হয়ে ওঠে। এরপর লন্ডনে অপারেশনও হয় পন্থের।
চোটের কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং অস্ট্রেলিয়া সফরের জন্য নির্বাচিত দলে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়নি। পন্থের বর্তমান অবস্থান সম্পর্কে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি সূত্র জানিয়েছে, "এই সপ্তাহে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে (CoE) ঋষভের ডান পায়ের অবস্থা পরীক্ষা করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে, ১০ অক্টোবরের মধ্যে তাঁকে খেলার অনুমতি দেওয়া হতে পারে। এটি তাঁর জন্য দীর্ঘ পুনরুদ্ধারের সময়। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম কোনও ঝুঁকি নিতে চায় না।"
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ঋষভ দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) সভাপতি রোহন জেটলিকে জানিয়েছেন, মেডিক্যাল টিমের ফিটনেস ছাড়পত্র পেলে তিনি ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া রঞ্জি ট্রফির ম্যাচগুলিতে খেলার জন্য উপলব্ধ থাকবেন। ডিডিসিএ-র একজন কর্মকর্তা বলেছেন, "পন্থ এখনও দিল্লি ক্যাম্পে যোগদানের জন্য কোনও তারিখ নিশ্চিত করেননি। তিনি সিওই-এর অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া প্রথম রঞ্জি ট্রফি ম্যাচে খেলা কিছুটা কঠিন বলে মনে হচ্ছে, তবে যদি তিনি উপলব্ধ থাকেন, তাহলে তিনি দলের নেতৃত্বও দেবেন।"
১৪ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হোম টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে। পন্থ ৫ নভেম্বরের মধ্যে দুটি রঞ্জি ট্রফি ম্যাচ খেলতে পারেন, যা টেস্ট সিরিজের আগে তাঁকে মাঠে ফেরার সুযোগ করে দিতে পারে।