রাজীব শুক্লা এতদিন ছিলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী মাসে অনুষ্ঠিত হবে বিসিসিআইয়ের নির্বাচন। আর নির্বাচন পর্যন্ত শুক্লা ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন।

রজার বিনি ও রাজীব শুক্লা
শেষ আপডেট: 30 August 2025 13:03
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে (BCCI) বড় ধরনের রদবদল হয়েছে। ৭০ বছর বয়স হয়ে যাওয়ায় সভাপতি পদ থেকে পদত্যাগ করতে হয়েছে রজার বিনিকে (Roger Binny)। এবার তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন রাজীব শুক্লা (Rajeev Shukla)। তবে তাঁকে অন্তর্বতীকালীন সভাপতি (Interim President) করা হয়েছে। যদিওএই বিষয়ে বিসিসিআই থেকে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
আগামী মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে ভারতীয় দল অংশগ্রহণ করবে, যার জন্য কয়েকদিন আগে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। আর এশিয়া কাপের আগেই এল সভাপতি পদে পরিবর্তন।
রাজীব শুক্লা এতদিন ছিলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী মাসে অনুষ্ঠিত হবে বিসিসিআইয়ের নির্বাচন। আর নির্বাচন পর্যন্ত শুক্লা ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন। ভারতের প্রাক্তন ফাস্ট বোলার বিনি ২০২২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হয়ে বিসিসিআই সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। সৌরভ তাঁর তিন বছরের মেয়াদ পূর্ণ করার পর বিনিই একমাত্র প্রার্থী ছিলেন যিনি শীর্ষ পদের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন। এর আগে খবর ছিল যে, বিনি সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য বিসিসিআই বার্ষিক সাধারণ সভা (এজিএম) পর্যন্ত এই পদে থাকবেন, কিন্তু তার আগেই তিনি পদত্যাগ করলেন।
১৯ জুলাই বিনির ৭০ বছর পূর্ণ হয় এবং নিয়ম অনুসারে, বিসিসিআই সভাপতির বয়স ৭০ বছরের বেশি হওয়া উচিত নয়। বিনি বিসিসিআই সভাপতি হওয়ার পর, ভারত দু’টি সীমিত ওভারের আইসিসি টুর্নামেন্ট জিতেছে। ভারত ২০২৪ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে।
ঐতিহাসিক মহিলা প্রিমিয়ার লিগও (ডব্লিউপিএল) বিনি সভাপতি থাকাকালীন শুরু হয়েছিল। তাঁর জমানায় ভারতের ঘরোয়া ক্রিকেটেরও প্রভূত উন্নতি হয়েছে। খেলোয়াড়দের বেতন বৃদ্ধি পেয়েছে এবং টিম ইন্ডিয়ার সিনিয়র খেলোয়াড়দের ঘরোয়া টুর্নামেন্টে খেলার জন্য উপযুক্ত এবং কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার বিনি ভারতের হয়ে ২৭টি টেস্ট ম্যাচ এবং ৭২টি ওয়ানডেতে প্রতিনিধিত্ব করেছেন। টেস্ট ম্যাচে তিনি ৪৭টি উইকেট নিয়েছেন এবং পাঁচটি হাফ সেঞ্চুরির সাহায্যে ৮৩০ রান করেছেন। ৭২টি ওয়ানডেতে তিনি ৭৭টি উইকেট নিয়েছেন এবং একটি হাফ সেঞ্চুরির সাহায্যে ৬২৯ রান করেছেন।
প্রথম ওয়ানডে বিশ্বকাপ (১৯৮৩) জয়ে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিনি। ১৯৮৩ সালের বিশ্বকাপে তিনি ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ১৮টি উইকেট নিয়ে। বিনি এর আগে বিসিসিআই নির্বাচন কমিটির সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন।