
বেঙ্গালুরুর হয়ে ঝলমল করলেন কোহলি।
শেষ আপডেট: 9 May 2024 23:46
দা ওয়াল ব্যুরো: টি ২০ বিশ্বকাপের আগে দুরন্ত ফর্মে বিরাট কোহলি। তিনি চলতি আইপিএলে রানের ফোয়ারা ছোটাচ্ছেন। বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বেঙ্গালুরু করেছে ২৪১ রান। কোহলি একাই করেছেন ৪৭ বলে ৯২ রান, যার মধ্যে সাতটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি রয়েছে।
কোহলির এই ইনিংসে ভর করে ৬০ রানে জিতে গেল আরসিবি। এই জয়ের সুবাদে বেঙ্গালুরু প্লে অফের দৌড়ে চলে এল। তারপর রজত পাতিদার (২৩ বলে ৫৫) ও ক্যামেরন গ্রিন ( ২৭ বলে ৪৬) দুরন্ত খেলেছেন। রজত তো ৬টি ছয় মেরেছেন।
বেঙ্গালুরুর ফ্যাফ ডু প্লেসিস (৯) এবং জ্যাকস (১২) দ্রুত আউট হওয়ার পরে কোহলি একাই পাঞ্জাব বোলারদের জারিজুরি শেষ করে দিয়েছেন।
ধর্মশালার মাঠে পাঞ্জাবের কাছে এই রান অনেক বড় টার্গেট হয়ে গিয়েছে। বেঙ্গালুরুর বোলাররাও কাছে পাঞ্জাব ব্যাটাররা পেরে ওঠেননি। একমাত্র রিলে রসুউ ২৭ বলে ৬১ রান করে প্রতিরোধ গড়ে তুলেছেন। রিলেকে তুলে নিয়েছেন কর্ণ শর্মা।
পাশাপাশি শশাঙ্ক সিং (৩৭) ও স্যাম কারেন (২২) ছাড়া কেউই সিরাজ, স্বপ্ননীলদের বিরুদ্ধে সুবিধে করতে পারেননি। এমনকী লকি ফার্গুসনও দুই উইকেট নিয়ে বাজিমাত করেছেন।