
বিরাট কোহলি এবং সাকিব আল হাসান
শেষ আপডেট: 11 September 2024 13:44
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারত বনাম বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা চেন্নাইয়ে আয়োজন করা হবে। অনেকদিন পর টিম ইন্ডিয়াকে ফের টেস্ট ক্রিকেট খেলতে দেখা যাবে।
অন্যদিকে, বাংলাদেশ সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয় করেছে। ফলে তাঁদের আত্মবিশ্বাস আপাতত অনেকটাই উপরে রয়েছে। এই পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক, এই দুটো দলের মধ্যে কার পাল্লা ভারী?
ভারত এবং বাংলাদেশের মধ্যে এখনও পর্যন্ত মোট ১৩টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দল ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত একটাও টেস্ট ম্যাচ জিততে পারেনি। ভারত এবং বাংলাদেশের মধ্যে আয়োজিত ১৩টি টেস্ট ম্যাচের মধ্যে ১১টি টেস্ট ম্যাচেই ভারত জয়লাভ করেছে। বাকি দুটো ম্যাচ ড্র হয়েছে। এই পরিসংখ্যানে যদি নজর রাখা যায়, তাহলে ভারতের অবস্থান যে যথেষ্ট শক্তিশালী, তা বলা যেতে পারে। তবে বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম মাথায় রেখে ভারত তাদের একেবারেই হালকাভাবে নিতে চাইবে না।
২০০১ সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছিল। বাংলাদেশে আয়োজিত সেই ম্যাচে টিম ইন্ডিয়া জয়লাভ করে। এরপর ২০০৪-০৫ মরশুমে ফের ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে গিয়েছিল। দুই ম্যাচের সিরিজে সেবারও ভারতীয় ক্রিকেট দল ২-০ ব্যবধানে জয়লাভ করে। ২০০৭ সালে দুই ম্যাচের সিরিজে একটা ড্র হয়েছিল। আর দ্বিতীয় ম্যাচে ভারতীয় ক্রিকেট দল জয়লাভ করে। দুই দেশের মধ্যে অন্তিম টেস্ট সিরিজটা বাংলাদেশে আয়োজন করা হয়েছিল। সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট দল ২-০ ব্যবধানে জয়লাভ করে।
প্রথম টেস্ট ম্যাচ - (১৯ থেকে ২৩ সেপ্টেম্বর), চেন্নাই - সকাল সাড়ে ৯টা
দ্বিতীয় টেস্ট ম্যাচ - (২৭ থেকে ১ অক্টোবর), কানপুর - সকাল সাড়ে ৯টা
প্রথম টি-২০ ম্যাচ - ৬ অক্টোবর, ধর্মশালা - সন্ধ্যা ৭টা
দ্বিতীয় টি-২০ ম্যাচ - ৯ অক্টোবর, দিল্লি - সন্ধ্যা ৭টা
তৃতীয় টি-২০ ম্যাচ - ১২ অক্টোবর, হায়দরাবাদ - সন্ধ্যা ৭টা
রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ এবং যশ দয়াল।